বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ড্যাফোডিল কলেজ বাবুরহাট ক্যাম্পাসে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে, ২০২৬, ১০:১৪ পিএম

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বাবুরহাট ক্যাম্পাসে এইচএসসি ও সিএসই বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ জুন) কলেজ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় যুক্তি, উপস্থাপনা ও পারফরম্যান্সে এগিয়ে থেকে সিএসই বিভাগ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আক্তার হোসেন। বিতর্ক পরিচালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট বিতার্কিক ও ড্যাফোডিল স্কুলের শিক্ষক মো. রুবেল হোসেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ বাবুরহাট ক্যাম্পাসের উপাধ্যক্ষ মো. ফয়সাল আহমেদ ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলি চাঁদপুরের কো-অর্ডিনেটর মো. মাহবুব হোসেন এবং কলেজের সিনিয়র অফিসার মো. সালমান ফারদিন চৌধুরী।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

এ সময় স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে চাঁদপুরে ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন

মুহাম্মদ বাদশা ভূঁইয়া
প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ৬:৪৩ পিএম
ড্যাফোডিল কলেজ বাবুরহাট ক্যাম্পাসে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা — সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সারা দেশব্যাপী অনলাইনে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন সেবা কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন।

সকাল ৯টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, মানুষকে জানানো হবে কীভাবে সহজে ভূমি সেবা গ্রহণ করা যায় এবং বিভিন্ন সরকারি অফিস কী ধরনের সেবা প্রদান করে। তিন দিনব্যাপী এ আয়োজনে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। মেলায় অনলাইনে অ্যাকাউন্ট খোলা, ই-নামজারি, দাখিলা কাটা এবং ডিজিটাল ভূমি সেবা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে সরাসরি অবহিত করা হবে।

আলোচনা সভায় বক্তারা ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, অনলাইন সেবা কার্যক্রম এবং জনগণের সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর বলেন, সঠিকভাবে ভূমি বণ্টন নিশ্চিত করা গেলে ফৌজদারি অপরাধ ও পারিবারিক জটিলতা অনেকাংশে কমে আসবে। তিনি ভূমি সংক্রান্ত বিষয়ে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল সিদ্দিক। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদি বলেন, বর্তমানে ভূমি সেবার অধিকাংশ কার্যক্রম অনলাইনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। কিন্তু ওয়ারিশ সম্পত্তি সঠিকভাবে বণ্টন না করায় পারিবারিক ও আইনগত জটিলতা সৃষ্টি হচ্ছে। তিনি খারিজ করার সময় কোনো তথ্য গোপন না করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি। এ সময় বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা, সাংবাদিক, টিআইবি ও সনাক প্রতিনিধি, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আগামী ১৯ থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা হলরুমে এ ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে। মেলায় নাগরিকদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান ও সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া দেশের প্রান্তিক জনগণ “ভূমি” মোবাইল অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে এবং ১৬১২২ নম্বরে ফ্রি কলের মাধ্যমে ভূমি সংক্রান্ত নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন।

পাথরঘাটা আদালতের এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি; সদস্যপদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ৬:৩৩ পিএম
ড্যাফোডিল কলেজ বাবুরহাট ক্যাম্পাসে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি-সংগ্রহীত।

বরগুনার পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের এজলাস কক্ষে দুই আইনজীবীর মধ্যে হাতাহাতি ও জুতা নিক্ষেপের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত দুই আইনজীবীর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে বরগুনা জেলা আইনজীবী সমিতি। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সব আদালতে তাদের ওকালতি কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের এজলাস কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দুই আইনজীবী হলেন— বরগুনা জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাহিদ সুলতানা লাকি এবং অ্যাডভোকেট মিজানুর রহমান মঞ্জু।

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অ্যাডভোকেট নাহিদ সুলতানা লাকির সহকারী (মুহুরি) মিরাজ আহমেদ অপর আইনজীবী মিজানুর রহমান মঞ্জুর ব্যক্তিগত গাড়িতে করে আদালত প্রাঙ্গণে আসেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই আইনজীবীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়।

পরে এজলাস কক্ষের ভেতরে বিষয়টি নিয়ে ফের উত্তেজনা দেখা দিলে একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালতের কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য আইনজীবীরা এগিয়ে আসেন। ঘটনার সময় বিচারক এজলাসে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

ঘটনার পর উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

অ্যাডভোকেট নাহিদ সুলতানা লাকি দাবি করেন, “আমার মুহুরিকে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজের সঙ্গে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অ্যাডভোকেট মঞ্জু আমাকে মারধর করেন।”

তবে অভিযোগ অস্বীকার করে অ্যাডভোকেট মিজানুর রহমান মঞ্জু বলেন, “মুহুরিকে কেন্দ্র করে কথা কাটাকাটির সময় অ্যাডভোকেট লাকি উত্তেজিত হয়ে জুতা খুলে আমার দিকে ছুড়ে মারেন।”

ঘটনার পর বরগুনা জেলা আইনজীবী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উভয় আইনজীবীর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সব আদালতে তাদের পেশাগত কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মনোয়ারা আক্তার বলেন, “আদালতের পবিত্র এজলাস কক্ষে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আইনজীবী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। পেশাগত আচরণবিধি লঙ্ঘনের কারণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনাম জানান, আদালত কক্ষে হট্টগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আদালতের এজলাস কক্ষে আইনজীবীদের মধ্যে এমন ঘটনার জেরে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে বিস্ময় ও আলোচনা তৈরি হয়েছে।

ফরিদগঞ্জে সমাজ উন্নয়নে দৃষ্টান্ত আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন, ৭ বছরে মানবিক কর্মকাণ্ডে ব্যয় প্রায় ২০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে, ২০২৬, ২:০৫ পিএম
ড্যাফোডিল কলেজ বাবুরহাট ক্যাম্পাসে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন। সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক এ সংগঠনটি “মানবিক ও সামাজিক কল্যাণে অঙ্গীকারবদ্ধ” স্লোগানকে ধারণ করে দীর্ঘদিন ধরে দরিদ্র, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করে যাচ্ছে।

২০১৯ সালে একদল স্বপ্নবাজ তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত সংগঠনটি শুরু থেকেই স্থানীয় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত হয়ে আসছে। ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সংগঠনটির মূল চালিকাশক্তি। পাশাপাশি ইউনিয়নের সর্বস্তরের মানুষের আর্থিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে এর কার্যক্রম।

বিশ্বব্যাপী করোনা (কোভিড-১৯) মহামারির সময় এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন। সে সময় সংগঠনটির পক্ষ থেকে বিনামূল্যে অক্সিজেন সেবা, মাস্ক বিতরণ, কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হয়।
মহামারি পরবর্তী সময়েও থেমে থাকেনি সংগঠনটির কার্যক্রম। প্রতি রমজানে নিম্নআয়ের মানুষের মাঝে গরুর মাংস, খাদ্যসামগ্রী, ইফতার, ফল ও ঈদ উপহার বিতরণ করা হয়।

এছাড়া নিয়মিত রক্তদান কর্মসূচি, ব্লাড ক্যাম্পেইন, বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, রাস্তা সংস্কার, শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্প, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষা উপকরণ বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে।

২০২৪ সালের ভয়াবহ জলাবদ্ধতার সময় সংগঠনটির স্বেচ্ছাসেবকরা ঝুঁকি নিয়ে পানিবন্দী মানুষদের উদ্ধার, আশ্রয়কেন্দ্র পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সহায়তা ও চিকিৎসাসেবা প্রদান করে প্রশংসা কুড়ান।

ধারাবাহিক মানবিক কার্যক্রমের মাধ্যমে ৭ বছরে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন জেলার অন্যতম পরিচিত সামাজিক সংগঠনে পরিণত হয়েছে। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক সংগঠনের কাছ থেকেও পেয়েছে স্বীকৃতি ও পুরস্কার। স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে এটি এখন নির্ভরতার নাম হিসেবে পরিচিত।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ বলেন, “মানুষের জন্য কিছু করার দায়বদ্ধতা থেকেই এই সংগঠনের যাত্রা শুরু। সবার সহযোগিতায় গত ৭ বছরে প্রায় ২০ লাখ টাকার সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।”

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ বলেন, “সংগঠনটি ইতোমধ্যে প্রশংসনীয় কাজ করেছে। আমি আমার অবস্থান থেকে সহযোগিতা করেছি। সমাজের সবাইকে এ ধরনের উদ্যোগে পাশে দাঁড়ানো উচিত।”

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদ বলেন, “একটি সুন্দর সমাজ গঠনে সামাজিক সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন ধারাবাহিকভাবে ভালো কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি প্রশংসা পাওয়ার যোগ্য।”

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “স্বেচ্ছাশ্রমে সামাজিক কাজ সবাই করতে পারে না। যারা করেন, তারা সমাজের জন্য মূল্যবান মানুষ। সামাজিক সংগঠনগুলোর পাশে জনপ্রতিনিধি ও বিত্তবানদের এগিয়ে আসা উচিত।”

উল্লেখ্য, প্রতিষ্ঠার সাত বছর পূর্ণ করে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন বর্তমানে অষ্টম বর্ষে পদার্পণের প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবিষ্যতেও মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ অব্যাহত থাকবে।

×