চাঁদপুরে ছোট ভাইয়ের মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যু
সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মারধরের অভিযোগ, মরদেহ উদ্ধার করেছে পুলিশ
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের নিজগাছতলা গ্রামের ইচুলী সড়কের উত্তর পাশে পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান পাটোয়ারীর (৬০) বাড়িটি ওই এলাকায়।
তিনি মৃত বজলুল গণি পাটোয়ারীর ছেলে এবং সরকারি প্রতিবন্ধী ভাতাভোগী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে ছোট ভাই শাহ আলম পাটোয়ারীর (৫০) সঙ্গে শাহজাহানের বিরোধ চলছিল। এ নিয়ে শাহ আলম ও তাঁর স্ত্রী প্রায়ই দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাইকে মারধর করতেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায়ও শাহ আলম ও তাঁর স্ত্রী মিলে শাহজাহানকে মারধর করেন। একপর্যায়ে তাঁকে বাড়ির পাশের বাঁশের কঞ্চির ঝোপে ফেলে রাখা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ করেন তাঁরা।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিব ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহজাহান দৃষ্টি প্রতিবন্ধী ও সরকারি ভাতাভোগী ছিলেন। দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে তাঁদের বিরোধ মীমাংসার চেষ্টাও করা হয়েছিল। মরদেহ থানায় রয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পেরেছেন।
চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. ফেরদৌস হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











