২২ দিনে চাঁদপুরে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে পদ্মা-মেঘনা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে চাঁদপুরে ৬৪৬ জেলেকে আটক করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অভিযোগে জেলা ও উপজেলা টাস্কফোর্স এবং নৌ পুলিশ তাঁদের আটক করে। তাঁদের মধ্যে ১৮৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। অন্যদিকে নৌ পুলিশের হাতে আটক ৪৬৩ জনের মধ্যে ১২০ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও চাঁদপুর নৌ থানা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৮ অক্টোবর রাত ১২টা থেকে ২৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল। মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন নিষিদ্ধ ছিল।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য বলছে, নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা ও উপজেলা টাস্কফোর্স ২৩৮টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে আটক ১৮৩ জনকে ৭২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। জরিমানা থেকে আদায় হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ২০০ টাকা।
অভিযানে ২ দশমিক ৭৫৩ টন ইলিশ এবং ১২ লাখ ১ হাজার ৯৯ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা। এসব ঘটনায় ১৬১টি মামলা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, জব্দ করা নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা ইলিশ বিধি অনুযায়ী স্থানীয় দুস্থ মানুষ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অন্যদিকে, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অভিযানে আটক ৪৬৩ জনের মধ্যে ৩৪৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। বাকি ১২০ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া নৌ পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলাসহ মোট ১৩২টি মামলা করেছে নৌ পুলিশ।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন জানান, অভিযানে ৩০ লাখ ৯০ হাজার ৫৮৫ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মামলার আলামত হিসেবে সংরক্ষণের পর এসব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ ছাড়া ৭৭টি মাছ ধরার নৌকা জব্দ রয়েছে। উদ্ধার করা ১ দশমিক ৩২০ টন ইলিশ স্থানীয় দুস্থ মানুষ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এদিকে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২৯ অক্টোবর দিবাগত রাত ১২টায়। এরপর থেকে চাঁদপুরের নিবন্ধিত প্রায় ৪৪ হাজার জেলে আবারও ইলিশসহ অন্যান্য মাছ ধরতে পদ্মা-মেঘনা নদীতে নামতে শুরু করেছেন।




















