চাঁদপুর-৫ আসনে মনোনয়ন জমা দিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের নেতা জাকির হোসেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধানিয়া।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করা হয়।
মনোনয়ন জমা দেওয়ার সময় নির্বাচন অফিস প্রাঙ্গণে তাঁর উল্লেখযোগ্য কোনো সমর্থক বা দলীয় নেতাকর্মীর উপস্থিতি না থাকায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
নির্বাচন অফিস সূত্র জানায়, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ সমর্থিত একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তিনি দলীয় মনোনয়ন নিলেও শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই মনোনয়ন দাখিল করেছেন। প্রক্রিয়ার পুরো সময় তিনি নির্বাচন কমিশনের বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করেছেন বলেও জানা গেছে।
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে দ্রুত নির্বাচন অফিস ত্যাগ করেন জাকির হোসেন। এতে তাঁর রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। কিন্তু দলীয় সিদ্ধান্তে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলামকে প্রার্থী ঘোষণা করা হলে তাঁর অবস্থান নিয়ে নানা আলোচনা শুরু হয়। যদিও তিনি দাবি করে আসছেন যে আওয়ামী লীগের সব পদ থেকে পদত্যাগ করেছেন, তবে সেই পদত্যাগপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করতে পারেননি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন যাচাই–বাছাই শেষে শিগগিরই চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। এদিকে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ, কৌতূহল ও আগ্রহ বাড়ছে।




















