বলাখালে মধ্যরাতে আগুনে পুড়েছে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠান
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজারে মধ্যরাতে লাগা ভয়াবহ আগুনে পুড়েছে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার রাতে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ব্যবসায়িদের প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলো- মিঠুর ফার্মেসী, লিটন চন্দ্র সাহার কাপড়ের দোকান, কার্তিকের কাপড়ের দোকান, ৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার নূর মোহাম্মদ এবং লিটন সাহার মুদি দোকান ও মোজাম্মেলের হার্ডওয়্যার-এর দোকান।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বাহারুল আলম বলেন, রাত সাড়ে ১২ টায় বলাখাল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হয়। এর আগে ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পুরো বাজারটি রক্ষা করা হয়েছে বলে জানান তিনি।



















