বারডেমের নতুন মহাপরিচালক হাজীগঞ্জের কৃতী সন্তান ডা. নাছির উদ্দীন আহমেদ
বারডেম জেনারেল হাসপাতালের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাছির উদ্দীন আহমেদ (অব.)। গত ১৪ সেপ্টেম্বর তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চিকিৎসা ও স্বাস্থ্য প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ডা. নাছির উদ্দীন আহমেদ এর আগে বারডেম জেনারেল হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেন। তিনি হাসপাতালের অতিরিক্ত মহাপরিচালক এবং পরিচালক (হাসপাতাল ও লজিস্টিক সার্ভিসেস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ফলে বারডেমের প্রশাসনিক কার্যক্রম ও চিকিৎসাসেবা ব্যবস্থাপনা সম্পর্কে তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা।
এর আগে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে কর্মরত অবস্থায় দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, চিকিৎসা প্রশাসনে তার দীর্ঘ অভিজ্ঞতা বারডেমের সেবাব্যবস্থা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখতে পারে।
ডা. নাছির উদ্দীন আহমেদ চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার বলাখাল গ্রামের সন্তান। তিনি হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ডা. আবদুস সাত্তারের জ্যেষ্ঠ পুত্র। তার নতুন দায়িত্ব গ্রহণে চাঁদপুরের হাজীগঞ্জের স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।
বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনে ডা. নাছির উদ্দীন আহমেদকে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। একই সঙ্গে তার সফলতা কামনা করেছেন তারা।





















