কচুয়ায় সাংবাদিক ও শিশুকন্যার ওপর হামলার অভিযোগ
চাঁদপুরের কচুয়ায় ধর্ষণের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নাসির উদ্দিন ও তার শিশুকন্যা সাফা মারওয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নন্দনপুর পশ্চিম বাজারে ইব্রাহিমের দোকানের সামনে ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক নাসির উদ্দিনকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নাসির উদ্দিন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও চ্যানেল এস-এর কচুয়া উপজেলা প্রতিনিধি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুলাই কচুয়া উপজেলার পূর্ব আলীয়ারা গ্রামের পাটোয়ারী বাড়িতে সুমন পাটোয়ারী নামে এক যুবকের বিরুদ্ধে তার ভাতিজিকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর অভিযুক্ত সুমন পাটোয়ারী এলাকা ছেড়ে চলে যান বলে স্থানীয়রা জানান। এ ঘটনা নিয়ে সাংবাদিক নাসির উদ্দিনসহ অন্যরা সংবাদ প্রকাশ করেন।
অভিযোগ করা হয়েছে, ওই সংবাদ প্রকাশের জেরে সোমবার সন্ধ্যায় নন্দনপুর পশ্চিম বাজার এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় সাংবাদিক নাসির উদ্দিনের পথরোধ করা হয়। এ সময় সুমন পাটোয়ারীসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
হামলার একপর্যায়ে সাংবাদিক নাসির উদ্দিন ও তার সঙ্গে থাকা শিশুকন্যা সাফা মারওয়া আহত হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর নাসির উদ্দিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সাংবাদিকরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, সাংবাদিক নাসির উদ্দিনের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় সাংবাদিক নাসির উদ্দিনের পরিবারের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

















