মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
কচুয়া উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান ওবায়েদ উল্লাহ ভূলন
ওবায়েদ উল্যাহ ভূলন। ছবি-সংগৃহীত
চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা ওবায়েদ উল্লাহ ভূলন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।
ওবায়েদ উল্লাহ ভূলন কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর বড় ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা শহীদ এবিএম সলিম উল্লাহ মিলন। জাতীয়তাবাদী আদর্শ ধারণ করার কারণে ১৯৯২ সালে সন্ত্রাসীদের হামলায় তিনি শহীদ হন বলে জানা গেছে।
ওবায়েদ উল্লাহ ভূলনের বাবা মরহুম আব্দুল জলিল নায়েব ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও কচুয়ার প্রসিদ্ধ সমাজসেবক। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মধ্য দিয়ে তাঁর পরিবার স্থানীয় পর্যায়ে পরিচিতি লাভ করেছে। পারিবারিকভাবেও তাঁদের রয়েছে দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য।
দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও কারা নির্যাতনের শিকার হয়েছেন ওবায়েদ উল্লাহ ভূলন। ছাত্রদলের নেতৃত্বে দায়িত্ব পালন করা এই নেতা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি কচুয়াকে একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ওবায়েদ উল্লাহ ভূলনকে নিয়ে আলোচনা চলছে। তৃণমূল পর্যায়ে তাঁর জনপ্রিয়তা রয়েছে বলে তাঁর সমর্থকদের দাবি। বিশেষ করে কচুয়ার তরুণ সমাজের মধ্যে তাঁকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে ওবায়েদ উল্লাহ ভূলন কচুয়া উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।














