ফরিদগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর লাশ

ফরিদগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর লাশ

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুর থেকে ইয়াছিন হোসেন (৪) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। খেলতে গিয়ে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর গ্রামের হাজী বাড়ির একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়াছিন ওই গ্রামের হাজী বাড়ির দিনমজুর জিতুর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার পর থেকে শিশু ইয়াছিন নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে শনিবার রাতেই শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অবশেষে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর রবিবার সকালে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন এক প্রতিবেশী। তার ডাক-চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন।

কান্নাজড়িত কণ্ঠে শিশুটির বাবা জিতু বলেন, ‘আমার অবুঝ ছেলের সঙ্গে বা আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কারও প্রতি আমাদের কোনো সন্দেহও নেই। হয়তো খেলতে গিয়ে সে পানিতে পড়ে মারা গেছে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আমরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছি।’

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, রবিবার সকালে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটি আগের দিন দুপুর থেকে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালীতে মাদ্রাসার অভিভাবক সমাবেশে হামলার অভিযোগ, মাদ্রাসা বন্ধের হুমকি

ফরিদগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর লাশ

নোয়াখালীর কবিরহাটে ইসলামী ব্যাংক দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে। সমাবেশে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে অতিথি ও অভিভাবকদের হেনস্তা, শিক্ষককে মারধরের চেষ্টা এবং নিরাপত্তাকর্মীদের পিটিয়ে বের করে দেওয়ার অভিযোগ করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এ সময় মাদ্রাসার সাইনবোর্ড খুলে ফেলা এবং প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনার বিস্তারিত জানায়।

এর আগে গত বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আবদুল্লাহ মিয়ার হাট পশ্চিম রাজুরগাঁও সেন্টার মার্কেট এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ১০ জনের নাম উল্লেখ করে কবিরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার মানোন্নয়নবিষয়ক অভিভাবক সমাবেশ শুরু হয়। এতে ইসলামী ব্যাংকের নোয়াখালী জোন, মাইজদী কোর্ট শাখা ও সোনাপুর শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর প্রায় আধা ঘণ্টা পর মোকাম্মেল মামুন ও সাইফুল ইসলাম মিশুর নেতৃত্বে একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

তারা পুরুষ অভিভাবকদের হুমকি ও মারধর করে বের করে দেয় এবং নারী অভিভাবকদেরও হেনস্তা করে বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ছালেহ উদ্দিনকে অকথ্য ভাষায় গালাগাল ও মারধরের চেষ্টা করা হয়। তাঁকে রক্ষা করতে গেলে নিরাপত্তাকর্মী ও অফিস সহায়ককে মারধর করে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়।

এ সময় সমাবেশে আসা ইসলামী ব্যাংকের কর্মকর্তাদেরও হেনস্তা করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে নিরাপত্তার কথা বিবেচনা করে সমাবেশ বন্ধ করে দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে কয়েকজনকে অপমান, হুমকি এবং তাঁদের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ছালেহ উদ্দিন বলেন, ‘মাদ্রাসার একটি পুকুর ও জায়গা রয়েছে। সেগুলো দখলের চেষ্টা চলছে। মূলত মাদ্রাসার পরিচালনা কমিটিতে আসার উদ্দেশ্যেও তারা এমন পরিস্থিতি তৈরি করছে। তাদের বাধার কারণে ব্যাংকের কর্মকর্তারা অনুষ্ঠান করতে পারেননি। শেষ পর্যন্ত সমাবেশ বন্ধ হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘প্রায় ছয় মাস ধরে পুকুরটি তাদের দখলে রয়েছে। এ বিষয়ে আমরা দুই থেকে তিনবার থানায় অভিযোগ করেছি। পুলিশ এসে তদন্তও করেছে। তবে এখন পর্যন্ত পুকুরটি উদ্ধার হয়নি।’

মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা স্থানীয়ভাবে প্রভাবশালী। তাঁদের বিরুদ্ধে এর আগেও পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ করা হয়েছে। সর্বশেষ ঘটনার সময় মাদ্রাসার সাইনবোর্ড খুলে ফেলা এবং সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

ফরিদগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর লাশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে জিয়া উদ্যানে যান তিনি। সেখানে বাবা-মায়ের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর অংশ হিসেবে দিবসের প্রথম দিন সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আয়োজিত শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের কাছে ডান দিকে মোড় নেবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে।

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

ফরিদগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর লাশ

চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে স্মৃতিস্তম্ভের বেদির নিচের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের বেদির নিচের অংশে পেট্রোল ও টায়ার ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পরপরই তারা ঘটনাস্থল থেকে সরে যায়।

এদিকে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

ঘটনায় স্মৃতিস্তম্ভের নিচের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর ছড়িয়ে পড়লে ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে স্মৃতিস্তম্ভ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্বৃত্তরা হঠাৎ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।