চাঁদপুরে হরিজন সম্প্রদায়ের মাঝে ১৩২টি ফ্ল্যাট হস্তান্তর
নগর দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের অংশ হিসেবে চাঁদপুরে হরিজন সম্প্রদায়ের মাঝে নতুন তিনটি ভবনের মোট ১৩২টি ফ্ল্যাট হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব (LGD) মোঃ রেজাউল মাকসুদ জাহেদী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশ প্রতিনিধি স্টেফেন লীলার এবং ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডাউসন। চাঁদপুর প্রান্ত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের যৌথ সচিব ও LIUPCP প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মোঃ শামসুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নজরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সরকার–ইউকে যৌথ অর্থায়নে বাস্তবায়ন
বাংলাদেশ সরকার ও যুক্তরাজ্যের অর্থায়নে বাস্তবায়িত LIUPCP (Livelihoods Improvement of Urban Poor Communities Project) প্রকল্পের আওতায় নির্মিত তিনটি ভবনে মোট ১৩২টি আধুনিক ফ্ল্যাট তৈরির কাজ শেষ হয়েছে। প্রতিটি ভবনে রয়েছে ৪৪টি করে ফ্ল্যাট, যা হরিজন সম্প্রদায়ের আবাসন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ফ্ল্যাটগুলো শুধু আবাসন নয়, বরং উন্নত জীবনযাপন, নিরাপত্তা এবং সামাজিক অন্তর্ভুক্তির জন্য সরকারের একটি উল্লেখযোগ্য উদ্যোগ।


















