পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করতে দেড় যুগ আগে মৃত পিতাকে জীবিত দেখালেন মুক্তিযোদ্ধা!

পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করতে দেড় যুগ আগে মৃত পিতাকে জীবিত দেখালেন মুক্তিযোদ্ধা!

পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ভাই-বোনের সম্পত্তি আত্মসাৎ করতে দেড় যুগ আগে মৃত পিতাকে জীবিত দেখিয়েছেন মুক্তিযোদ্ধা মো. আমির হোসেন মৃধা। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের বাসিন্দা।

ঘটনার অনুসন্ধানে জানা গেছে, গাব্দেরগাঁও মোৗজার ১৪৩৬ বাড়ীর দাগে ১৬ শতক জায়গা মোখলেছুর রহমান মৃধার নামে ৮০৯ বিএস খতিয়ানে রেকর্ডভুক্ত হয়। ২০০৪ সালে তিনি মৃত্যুবরণ করেন। ওয়ারিশ সূত্রে তার ৩ পুত্র এবং ২ কন্যা উক্ত সম্পত্তির মালকানা লাভ করেন। কিন্তু ০৬/০২/২০২২ ইং তারিখে আবেদনকৃত নামজারী আবেদনে উক্ত দাগের সমুদয় সম্পত্তি নিজ নামে নামজারীর আবেদন করেন তার বড় ছেলে মোঃ আমির হোসেন। নামজারী মোকদ্দমা নং ৫০৪৭/২০২১-২২। নামজারী আবেদনের সময় পিতার মৃত্যু এবং ওয়ারিশদের তথ্য গোপন করেন তিনি। নামজারী আবেদনের বিরুদ্ধে আপত্তি থাকলে অফিসে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা আপত্তি উপস্থাপনের জন্য ২৫/০৫/২০২২ ইং তারিখে ভূমি অফিসের মাধ্যমে মৃত পিতাকে নোটিশ পাঠান তিনি। নির্ধারিত দিনে মৃত পিতা গরহাজির থাকলে একতরফা তার নামে ১৮৯৭ নং নামজারী খতিয়ানটি সৃজন করে দেয় উপজেলা ভূমি অফিস। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে আমির হোসেন মৃধার ভাই শফিকুর রহমান মৃধা বাদী হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর নামজারীটি বাতিলের আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে শফিকুর রহমান মৃধা বলেন, জেলা ও দায়রা জজ আদালত চাঁদপুরের সম্পত্তি সংক্রান্ত বিবিধ আপীল মামলা ১০/০৩ এর বাদী ছিলেন আমার বাবা মোখলেছুর রহমান মৃধা। ১৩/০৯/২০০৪ তারিখে আমার বাবার মৃত্যু হয়। ০৫/০১/২০০৫ তারিখে বাবার মামলার বাদী হওয়ার জন্য আদালতে আবেদন করেন আমার ভাই আমীর হোসেন মৃধা। সেখানে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে। এছাড়াও সিনিয়র সহকারী জজ আদালাত ফরিদগঞ্জ চাঁদপুরে তিনি বাদী হয়ে আমাদের বিরুদ্ধে সম্পত্তি সংক্রান্ত একটি মামলা করেন।

মামলা নং ৬৪/০৬। সেখানেও তিনি ১৩/০৯/২০০৪ তারিখে বাবার মৃত্যুর বিষয়টি উল্লেখ করেন। মামলাটি আদালত খারিজ করে দেয়। এমনকি আপীলও তিনি পরাজিত হন। আদালতকে মিসগাইড করতে ব্যর্থ হয়ে শুধুমাত্র ভাই-বোনদের সম্পত্তি আত্মসাতের হীন উদ্দেশ্যেই তিনির প্রতারণার মাধ্যমে ২০২২ সালে বাবাকে জীবিত দেখিয়ে নোটিশ করেছেন এবং বাড়ির দাগে ১৬ শতক সম্পত্তি নিজের নামে নামজারী করে নিয়েছেন। আমরা তার এই নামজারীটি বাতিল করতে ইতিমধ্যে ভূমি অফিসে আবেদন দিয়েছি। আমরা ন্যায়বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা আমির হোসেনের পক্ষে তার বড় ছেলে মোশারফ হোসেন ফারুক মৃধা বলেন, প্রশাসন নোটিশ করেছে। এটা আমার বাবার বিষয় না।

প্রশাসন ভুল করলে সে দায়ভার কি আমার বাবার নাকি? প্রশাসন যদি ভুল করে ভুল নোটিশ প্রয়োগ করে সে দায়ভারতো আমাদের না, প্রশাসনের। দাদা ১৯৮৭ সালে বাবাকে বসবাসের জন্য মৌখিকভাবে এ জায়গা দিয়ে গেছে। সেই থেকে আমার বাবা এ সম্পত্তি ভোগদখলে রয়েছেন। এ সংক্রান্ত আরো প্রশ্ন করলে তিনি সেসব এড়িয়ে গেছেন।

ক্লিনের ফেলোশিপ পেলেন ফরিদগঞ্জের মহিউদ্দিন রাব্বানি

পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করতে দেড় যুগ আগে মৃত পিতাকে জীবিত দেখালেন মুক্তিযোদ্ধা!

মহিউদ্দিন রাব্বানি। ছবি-সংগৃহীত

জ্বালানি খাত নিয়ে অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে মিডিয়া ফেলোশিপ পেয়েছেন ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন রাব্বানি। গত সেপ্টেম্বরে প্রকাশিত ‘বিশ্বব্যাংক গোষ্ঠীর অর্থায়নই কি বাড়াচ্ছে গ্যাসে আমদানি-নির্ভরতা?’ শীর্ষক প্রতিবেদনের জন্য তাকে এ ফেলোশিপে মনোনীত করেছে কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভাইরনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন)।

নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ নিয়ে কাজ করা সংস্থাটি জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে এ ফেলোশিপ প্রদান করছে।

মহিউদ্দিন রাব্বানি চাঁদপুরের ফরিদগঞ্জের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছোটবেলা থেকেই পত্রপত্রিকা পড়া ও লেখালেখির প্রতি আগ্রহ তার। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। বর্তমানে ঢাকা মেইলে নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন।

এর আগে তিনি দৈনিক সংবাদ, দৈনিক আমার সংবাদ, দৈনিক সবুজ বাংলা ও দৈনিক বাণিজ্য প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। পেশাগত জীবনে অর্থনীতি, বাণিজ্য ও জ্বালানি খাত নিয়ে নিয়মিত সংবাদ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করে আসছেন তিনি।

ফেলোশিপের জন্য মনোনীত তার প্রতিবেদনে বিশ্বব্যাংক গোষ্ঠীর অর্থায়নে বাংলাদেশের গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামো সম্প্রসারণের প্রভাব এবং দেশের জ্বালানি নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

মহিউদ্দিন রাব্বানি দেশের পেশাদার সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য।

ফরিদগঞ্জে বিশেষ অভিযানে আরও ৪ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করতে দেড় যুগ আগে মৃত পিতাকে জীবিত দেখালেন মুক্তিযোদ্ধা!

চাঁদপুরের ফরিদগঞ্জে নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আরও চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত তিন দিনে উপজেলায় মোট ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) রাতে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের বিশেষ নির্দেশনায় এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর সার্বিক পরিচালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন—ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম (৪৮), পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেন (৫০), বালিথুবা পশ্চিম ইউনিয়ন যুবলীগ নেতা আ. সালাম ওরফে আরিফ মিজি (৩৫) এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মো. আলী আকবর হাজী (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গোপন নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার (৯ নভেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

ফরিদগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর লাশ

পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করতে দেড় যুগ আগে মৃত পিতাকে জীবিত দেখালেন মুক্তিযোদ্ধা!

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুর থেকে ইয়াছিন হোসেন (৪) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। খেলতে গিয়ে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর গ্রামের হাজী বাড়ির একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়াছিন ওই গ্রামের হাজী বাড়ির দিনমজুর জিতুর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার পর থেকে শিশু ইয়াছিন নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে শনিবার রাতেই শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অবশেষে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর রবিবার সকালে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন এক প্রতিবেশী। তার ডাক-চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন।

কান্নাজড়িত কণ্ঠে শিশুটির বাবা জিতু বলেন, ‘আমার অবুঝ ছেলের সঙ্গে বা আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কারও প্রতি আমাদের কোনো সন্দেহও নেই। হয়তো খেলতে গিয়ে সে পানিতে পড়ে মারা গেছে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আমরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছি।’

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, রবিবার সকালে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটি আগের দিন দুপুর থেকে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।