হাদির ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, দেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সম্প্রতি সংঘটিত হামলাকে শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং বাংলাদেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক পথচলার ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “আজ বিজয়ের আনন্দের দিনে আপনাদের সামনে দাঁড়িয়েছি গভীর বেদনা নিয়ে। জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর যে হামলা হয়েছে, তা শুধু একজন ব্যক্তির ওপর নয়—এটি বাংলাদেশের অস্তিত্বের ওপর এবং আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর আঘাত।”
তিনি জানান, শরিফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ইতোমধ্যে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এ সময় দেশবাসীর প্রতি হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান অধ্যাপক ইউনূস।
ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “এই হামলার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে স্পষ্টভাবে আশ্বস্ত করতে চাই—এই ষড়যন্ত্রে যারা জড়িত, তারা যেখানেই থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।”
অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও বলেন, পরাজিত ফ্যাসিস্ট টেরোরিস্ট শক্তির এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস চালিয়ে কিংবা রক্ত ঝরিয়ে এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা সংযম বজায় রাখুন। অপপ্রচার ও গুজবে কান দেবেন না। যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করব। তাদের ফাঁদে পা দেব না।”
ভাষণের শেষাংশে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কখনো ফিরে আসতে পারবে না।



















