তারেক রহমান প্রধানমন্ত্রী হলে উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হবে: শেখ ফরিদ আহমেদ মানিক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং একাধিক উঠান বৈঠক ও পথসভায় অংশ নেন।
উঠান বৈঠকে বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, “ধানের শীষে ভোট দিলে রামপুর ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হবে। নদীভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ অবকাঠামোগত কাজ দৃশ্যমান হবে।”
তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশজুড়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবে চোখে পড়বে—ইনশাআল্লাহ।” একই সঙ্গে তিনি ভোটারদের সকাল সাড়ে ৭টার মধ্যেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বক্তব্যে তিনি বিগত সময়ের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে বলেন, অনেক এলাকায় উন্নয়ন বরাদ্দ থাকলেও তা সাধারণ মানুষ পায়নি। ভবিষ্যতে এসব অনিয়ম আর হতে দেওয়া হবে না বলেও তিনি আশ্বাস দেন।
এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিক কর্মসূচি পালন করেন তিনি। কর্মসূচির মধ্যে ছিল—৭ নম্বর ওয়ার্ডের খান বাড়ির সামনে পথসভা, ৬ নম্বর ওয়ার্ডের দাস বাড়িতে উঠান বৈঠক, ১ নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ি, চান্দেরবাগ উত্তর দাস বাড়ির মন্দির প্রাঙ্গণ, রাঢ়িরচর মুন্সি বাড়ি, ৩ নম্বর ওয়ার্ডের মনিহার সর্দার বাড়ি ও বাঁশতলা উত্তর মনিহার মোড়, ২ নম্বর ওয়ার্ডের উত্তর কামরাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা এবং ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বড় সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উঠান বৈঠক ও পথসভা।
রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তালিম হোসেন পাঠানের সভাপতিত্বে আয়োজিত সভাগুলোতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল ও খলিলুর রহমান গাজী, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা সুপ্ত, ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল, রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন তালুকদার, জেলা যুবদলের সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকনসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগ ও উঠান বৈঠকগুলোতে স্থানীয় নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।



















