আলোচনা সভা ও ইফতার মাহফিলে সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান
রমজানে যাকাতের গুরুত্ব তুলে ধরল চাঁদপুর শহর জামায়াত
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে ‘যাকাত’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের ইউরেশিয়া কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমীর বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, ইসলামে যাকাত কেবল ইবাদত নয়—এটি সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠার অন্যতম কার্যকর মাধ্যম।
সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টনের মাধ্যমে সমাজে বৈষম্য কমে আসে এবং দারিদ্র্য বিমোচনে বাস্তব ভূমিকা রাখা সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া বলেন, যাকাত কোনো ঐচ্ছিক দান নয়; এটি আল্লাহ প্রদত্ত সম্পদের নির্ধারিত হক। তাই সামর্থ্যবান মুসলমানদের উচিত সঠিক হিসাবের মাধ্যমে নিয়মিত যাকাত আদায় করা। তিনি সমাজের বিত্তবানদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে হাজীগঞ্জ আহমদীয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হাজীগঞ্জ আহমদীয়া কামিল মাদ্রাসা-এর আবু নছর আশরাফী যাকাতের শরয়ি বিধান, এর সামাজিক প্রভাব ও দারিদ্র্য বিমোচনে কার্যকারিতা তুলে ধরেন।
চাঁদপুর শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলায়েত হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, অধ্যক্ষ হারুন আর রশিদ ও দারুসসালাম মসজিদের ইমাম অধ্যাপক সোহাইল আহমেদ চিশতী।
অনুষ্ঠানে জেলা জামায়াতের নেতা মোহাম্মদ হোসাইন, শহরের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, অ্যাডভোকেট মামুন মিয়াজীসহ সহ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



















