জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব-এর উদ্ভাবিত “Intelligent Eco-Safety System” প্রকল্প ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৬-এর বিশেষ বিভাগে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে।
এই সাফল্যের মাধ্যমে ক্লাবটি আবারও প্রমাণ করেছে, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর গবেষণা স্থানীয় পর্যায় থেকেই জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
প্রকল্পটি পরিবেশবান্ধব নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৈরি। এতে সেন্সর প্রযুক্তি, অ্যালার্ম, গ্যাস লিকেজ শনাক্তকরণ, ধোঁয়া ও আগুন শনাক্তকরণ, বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় সতর্কবার্তা ব্যবস্থা সংযুক্ত করা হয়েছে। বাড়ি, অফিস, কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
প্রকল্পটি উপস্থাপন করেন ক্লাবের সদস্য শারিকা তাজ নূর, মৌমিতা সাদিয়া, মো. রফিকুল ইসলাম, শাহরিয়ার হাওলাদার ও মো. তাওহীদুল ইসলাম। তাদের দক্ষ উপস্থাপনা, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং বাস্তবমুখী সমাধান বিচারকদের মুগ্ধ করে।
ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান খান বলেন, “বর্তমান প্রজন্ম বইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তব সমস্যার সমাধানে প্রযুক্তিনির্ভর কাজ করছে। এই অর্জন চাঁদপুরের জন্য গর্বের।”
ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এইচ এম জাকির বলেন, “শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই প্রকল্প বাস্তব জীবনের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
এ অর্জনে ক্লাবের সদস্য, অভিভাবক ও বিজ্ঞানপ্রেমীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতেও এই ক্লাব নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে জাতীয় পর্যায়ে চাঁদপুরকে আরও সমৃদ্ধভাবে উপস্থাপন করবে।



















