শাহরাস্তিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা-এ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (১ মে) দুপুরে উপজেলা সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর ঠাকুরবাজার এলাকায় গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
র্যালি শেষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আবুল হোসাইন। তিনি বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অত্যন্ত জরুরি এবং এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা শাহ আলম। তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন ও কর্মক্ষেত্রে শোষণ-নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা নির্ধারণের দাবি তোলেন।
উপজেলা সভাপতি মাওলানা আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে এবং পৌরসভা সভাপতি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। শ্রমিকদের অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সমাবেশে বিপুল সংখ্যক শ্রমিক, সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে পুরো আয়োজন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।















