এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ, বৃক্ষরোপণ ও চারা বিতরণ করলেন মাওলানা শাহ আলম
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের গ্রামখিলা (সফিউল্লাহ্ মার্কেট) এলাকায় অবস্থিত দারুল কারিম আল-ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম ও অসচ্ছল শিক্ষার্থীদের নিয়ে মধ্যাহ্নভোজ, বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য, সহকারী অধ্যাপক মাওলানা শাহ আলম।
অনুষ্ঠানে তিনি এতিম ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন এবং তাদের সঙ্গে একই কাতারে বসে খাবার গ্রহণ করেন। পরে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন দেশীয় ফলদ ও কাঠজাতীয় বৃক্ষের চারা রোপণ করেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাছুম বিল্লাহ, দারুল কারিম আল-ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, নাহারা গাবতলী দারুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল ওয়াদুদ খান, প্রতিষ্ঠানের আলেম-ওলামা, সহকারী শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও সেগুলোর পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন তারা। এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।















