ফরিদগঞ্জে ৬ অবসরপ্রাপ্ত শিক্ষককে রাজকীয় সংবর্ধনা

ফরিদগঞ্জে ৬ অবসরপ্রাপ্ত শিক্ষককে রাজকীয় সংবর্ধনা

চাঁদপুরের ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী প্রত্যাশী রুস্তুম আলী উচ্চ বিদ্যালয়ে তিন দশকেরও বেশি সময় ধরে শিক্ষাদান করে হাজারো শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা ছয় অবসরপ্রাপ্ত শিক্ষককে ব্যতিক্রমী ও রাজকীয় আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায়ী সিনিয়র শিক্ষক তপন কুমার মজুমদার, পূর্বে অবসরে যাওয়া চার শিক্ষক এবং মরণোত্তর একজনসহ মোট ছয় শিক্ষককে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিত শিক্ষকরা হলেন—সিনিয়র শিক্ষক তপন কুমার মজুমদার, যিনি গত ৩১ আগস্ট অবসরে যান; সিনিয়র শিক্ষক বিল্লাল হোসেন খান, উত্তম কুমার তালুকদার, হুমায়ুন কবির গাজী, আবুল খায়ের মিয়া এবং প্রয়াত সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন গাজী (মরণোত্তর)।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক লিটন কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম শেখ।

সিনিয়র শিক্ষক মাহফুজুর রহমান, মো. আলাউদ্দিন ও মিলন খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান। বিদায় বাণী পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া ইসলাম।

সংবর্ধিত শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন তপন কুমার মজুমদার, আবুল খায়ের মিয়া, হুমায়ুন কবির গাজী, বিল্লাল হোসেন খান ও উত্তম কুমার তালুকদার। প্রয়াত শিক্ষক আনোয়ার হোসেন গাজীর পক্ষে বক্তব্য দেন তাঁর ছেলে রবিউল আলম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন ফারাক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম মিঠু, চির্কাচাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু জাফর মো. শামসুদ্দিন খান, ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাছুম আলম তালুকদার, বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক হুমায়ুন কবির, বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বেপারী, রামপুর বাজার মজিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম পাটওয়ারী, ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন, হাঁসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেন পাটওয়ারী, মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ফরিদগঞ্জ এ. আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক হিতেশ শর্মা এবং ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদি হাসান মঞ্জু।

এ ছাড়া বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সিনিয়র শিক্ষক মোশারফ হোসেন, রুহুল আমিন, ঝন্টু দাস এবং প্রাক্তন শিক্ষার্থী পরিষদের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রত্যাশী রুস্তুম আলী উচ্চ বিদ্যালয়ের এ উদ্যোগ শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে অনুকরণীয় হয়ে থাকবে। এ ধরনের সম্মাননা নতুন প্রজন্মকে শিক্ষকতা পেশায় উদ্বুদ্ধ করবে। সংবর্ধিত শিক্ষকরা শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না; তাঁরা ছিলেন প্রতিষ্ঠানের অন্যতম প্রাণশক্তি।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট), ফুল ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন। একই অনুষ্ঠানে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।

লালগালিচায় আবেগঘন বিদায়

অনুষ্ঠানের শেষ পর্বে তৈরি হয় আবেগঘন পরিবেশ। বিদ্যালয় ভবন থেকে বিছানো লালগালিচা ধরে হেঁটে আসেন প্রবীণ শিক্ষকরা। এরপর ফুল দিয়ে সাজানো পৃথক ঘোড়ার গাড়িতে তাঁদের তুলে দেওয়া হয়।

পরে সুসজ্জিত মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাঁদের প্রিয় শিক্ষকদের সসম্মানে নিজ নিজ বাসভবনে পৌঁছে দেন।

শিক্ষকদের প্রতি এমন ব্যতিক্রমী সম্মান ও ভালোবাসার আয়োজন উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

চবিতে চাঁদপুর শিক্ষার্থীদের ৫০০ বৃক্ষ বিতরণ

ফরিদগঞ্জে ৬ অবসরপ্রাপ্ত শিক্ষককে রাজকীয় সংবর্ধনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রয়াত অনিক চন্দ্র দাসকে স্মরণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন, চাকসুর ভিপি ইব্রাহিম রনি এবং চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক।

সংগঠনের ১৬তম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এবং সভাপতি মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “পরিবেশ সংরক্ষণে জলবায়ু পরিবর্তনের পক্ষাঘাত থেকে দেশকে রক্ষা করতে চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে উদ্যোগ গ্রহণ করেছে, প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, “পরিবেশ রক্ষায় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ।” তিনি সংগঠনটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ কার্যক্রমের পরিসর আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “এটি একটি পরিবেশবান্ধব কর্মসূচি।” এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার জন্য তিনি সংগঠনটির প্রশংসা ও ধন্যবাদ জানান।

চাকসুর ভিপি ইব্রাহিম রনি বলেন, “চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চমৎকার আয়োজনকে ধন্যবাদ জানাই এবং আজকের এই আয়োজনের সফলতা কামনা করি।”

চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক বলেন, “দূষণমুক্ত, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গঠনে এ ধরনের উদ্যোগ অগ্রণী ভূমিকা পালন করবে। পরিবেশ রক্ষায় চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই।”

কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় ২৫ প্রজাতির ৫০০টি বৃক্ষ বিতরণ করা হয়।

বিতরণ করা গাছের মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতির মধ্যে ছিল গন্ধরাজ, রঙ্গন, হাসনাহেনা, সন্ধ্যামালতী, মিনি স্টার, দোপাটি, কুঞ্জলতা, এসি পাম, পাতাবাহার, কামিনী ও অশোক। ঔষধি গাছের মধ্যে ছিল নিম, বাসক, তুলসী, পাথরকুচি, কালোমেঘ, অ্যালোভেরা, হরতকি ও বহেরা। এ ছাড়া ফলদ ও অন্যান্য গাছের মধ্যে ছিল লেবু, পেয়ারা, বড়ই, কাটবাদাম ও উদাল।

প্রতিষ্ঠাবার্ষিকীকেন্দ্রিক এ কর্মসূচিতে বিশেষভাবে স্মরণ করা হয় সংগঠনের সদস্য অনিক চন্দ্র দাসকে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

অনিককে স্মরণ করে সংগঠনের সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, “অনিক আমাদের মাঝে বেঁচে থাকবে গাছ হয়ে। তার এই অকালপ্রয়াণ তার পরিবার এবং সংগঠনের অপূরণীয় ক্ষতি।”

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ফরিদগঞ্জে ৬ অবসরপ্রাপ্ত শিক্ষককে রাজকীয় সংবর্ধনা

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশি অভিযানে ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হকের ছোট ভাই মো. মহিউদ্দিন রিমন (৩০) গ্রেপ্তার হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার রূপসা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মহিউদ্দিন রিমন ফরিদগঞ্জ সদর এলাকার মাওলানা শহীদুল্লাহ পাটওয়ারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় পুলিশের একটি চৌকস টিম রূপসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মহিউদ্দিন রিমনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি তৎপরতা ও নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে রূপসা বাজার থেকে ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস

ফরিদগঞ্জে ৬ অবসরপ্রাপ্ত শিক্ষককে রাজকীয় সংবর্ধনা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শাহশরীফ ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির (সাধারণ) ও বিএমটি শাখার উদ্বোধনী ক্লাস ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের নিয়মিত পাঠদান ও শিক্ষাজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহশরীফ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজহের হোসেন। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ, নবাগত শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, শৃঙ্খলা মেনে চলা, মনোযোগ দিয়ে লেখাপড়া করা এবং নিজেদের দক্ষতা ও নৈতিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির (সাধারণ) ও বিএমটি শাখার আনুষ্ঠানিক পাঠদান কার্যক্রম শুরু হয়।