কিন্ডারগার্ডেন বৃত্তিতে টানা সাফল্য, হ্যাট্রিক অর্জন কচুয়ার সাচার মডেল স্কুলের
চাঁদপুরের কচুয়া উপজেলায় কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় টানা সাফল্যের মাধ্যমে হ্যাট্রিক অর্জন করেছে সাচার মডেল স্কুল। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে সর্বোচ্চ মেধা বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষাক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
২০২৫ সালের কচুয়া উপজেলা কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় সাচার মডেল স্কুল থেকে অংশ নেয় ১০০ জন শিক্ষার্থী। এর মধ্যে টেলেন্ট ও সাধারণ গ্রেড মিলিয়ে মোট ৪৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।
জানা যায়, ২০১৭ সালে সাচার বাজারের প্রাণকেন্দ্রে জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত হয় কিন্ডারগার্ডেন পর্যায়ের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিত ভালো ফলাফল করে আসছে বিদ্যালয়টি।
উত্তর জনপদের সাচার এলাকায় মানসম্মত শিশু শিক্ষা বিস্তারের লক্ষ্যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন সাচার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু, সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন মাস্টার, সহকারী প্রধান শিক্ষক গণেষ চন্দ্র ধন, সাচার ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক আবু ইউসুফ পবন, সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম সবু, সাচার ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ ইসমাইল হোসেন ও সেলিম মো. মাহবুবুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু চন্দ্র দাস জানান, বর্তমানে স্কুলটিতে ১১ জন শিক্ষক ও প্রায় ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। তিনি বলেন, “পরিচালকবৃন্দ ও অভিভাবকদের পরামর্শে আমরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য ধরে রাখাই আমাদের লক্ষ্য।”
সাচার মডেল স্কুলের এই অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।

















