২৮ এপ্রিল চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালনের প্রস্তুতি
আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে প্রস্তুতি নিতে চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি সামছুন্নাহার।
সভায় তিনি জানান, দিবসটি উপলক্ষে কারাগারে বিশেষ কার্যক্রমসহ মোট ৯টি কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে র্যালি, স্বেচ্ছায় রক্তদান, আইনগত সহায়তা স্টল ও মেলার আয়োজন উল্লেখযোগ্য।
তিনি দিবসটি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। বিশেষ করে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে তিনি বলেন, বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কোনো শিশুর (অপরাধে সম্পৃক্ত হলেও) ছবি বা ভিডিও ইলেকট্রনিক বা অনলাইন মাধ্যমে প্রকাশ করা যাবে না।
সভায় সিদ্ধান্ত হয়, কর্মসূচির নিরাপত্তা ও প্রচারণার জন্য পুলিশ বিভাগ ও জেলা তথ্য অফিসকে সম্পৃক্ত করা হবে। তবে সীমিত সরকারি বরাদ্দের কারণে কর্মসূচিগুলো সংক্ষিপ্ত পরিসরে আয়োজনের কথাও জানানো হয়।
এ সময় চাঁদপুর প্রেস ক্লাব-এর সভাপতি সোহেল রুশদী দিবসটি উপলক্ষে গণমাধ্যমে ব্যাপক প্রচারণার আহ্বান জানান এবং প্রেস ক্লাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় আরও বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভা পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার মো. আবদুল আলীম।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, দিবসটি ঘিরে সার্বিক প্রস্তুতি জোরদার এবং সাধারণ মানুষের মধ্যে আইনগত সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।



















