রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কচুয়া নূরুল আজাদ কলেজের সভাপতি হলেন শিক্ষানুরাগী ফয়সাল আজাদ রুবেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ৭:১০ পিএম

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা কর্তৃক কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নূরুল আজাদ কলেজ-এর এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী ও সমাজসেবক ফয়সাল আজাদ রুবেল। তিনি কলেজটির প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী মরহুম নুরুল আজাদের সন্তান।

মঙ্গলবার (১২ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা-২০২৪ এর অনুচ্ছেদ ৬৪(৪) এবং সংশোধিত প্রবিধানমালা-২০২৫ অনুযায়ী পরবর্তী ছয় মাসের জন্য চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দেয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল আজাদ রুবেল। এছাড়া সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে দায়িত্ব পালন করবেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল। শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ফরহাদ হোসেন তালুকদার এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে রয়েছেন মো. জালাল হোসেন।

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী জানান, মরহুম নুরুল আজাদ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বাতাবাড়িয়া নূরুল আজাদ কলেজ, মনপুরা জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

তাদের প্রত্যাশা, ফয়সাল আজাদ রুবেলের নেতৃত্বে কলেজটি শিক্ষা, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নে আরও এগিয়ে যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে।

প্রতিক্রিয়ায় ফয়সাল আজাদ রুবেল বলেন,
“আমার বাবা মরহুম নুরুল আজাদ এই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, যেন এলাকার মানুষ উচ্চশিক্ষার সুযোগ পায়। আমি তার সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চাই। এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। মহান আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন, এখন আমি এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন,
“আমি চাই এলাকার ছেলে-মেয়েরা সঠিকভাবে লেখাপড়া করে দেশ-বিদেশের বড় প্রতিষ্ঠানে কাজ করুক। তারা যেন গর্ব করে বলতে পারে— আমি নূরুল আজাদ কলেজের শিক্ষার্থী ছিলাম। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা করার চেষ্টা করবো। কোনো গরিব ও মেধাবী শিক্ষার্থীর লেখাপড়া যেন অর্থের অভাবে বন্ধ না হয়, আমাকে জানালে আমি তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।”

এদিকে নবনির্বাচিত সভাপতি ফয়সাল আজাদ রুবেল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ, এলাকাবাসী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখতে চাঁদপুরজুড়ে মানুষের ঢল

মুহাম্মদ বাদশা ভূঁইয়া
প্রকাশিত: ১৬ মে, ২০২৬, ৭:২৮ পিএম
কচুয়া নূরুল আজাদ কলেজের সভাপতি হলেন শিক্ষানুরাগী ফয়সাল আজাদ রুবেল

আজ ১৬ মে চাঁদপুরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দিন খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন তিনি। তারেক রহমানকে এক নজর দেখার জন্য সকাল থেকেই চাঁদপুরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক নিয়ে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থলে জড়ো হতে দেখা যায়।

বিশেষ করে চাঁদপুর সদর উপজেলার শাহ‌ মাহমুদপুর এলাকায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী, পুরুষ, তরুণ ও বৃদ্ধসহ নানা শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই অবস্থান নেন।

অনেকেই বলেন, দীর্ঘদিন পর চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলার মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। কেউ মোবাইলে ছবি ধারণ করছেন, কেউ আবার স্লোগানে স্লোগানে মুখর করে তুলছেন পুরো এলাকা।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে সাধারণ মানুষের চলাচল ও অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চাঁদপুরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

চাঁদপুরে প্রধানমন্ত্রী চূড়ান্ত সফরসূচির মধ্যে রয়েছে দুপুর ১২টা ৩০ মিনিটে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন, ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন, দুপুর ২টা ৩০ মিনিটে চাঁদপুর সার্কিট হাউসে বিরতি, বেলা ৩টা ৩০ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণে উদ্বোধন এবং সবশেষে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সৌদি আরবে পৌঁছেছেন ৫৬ হাজার ৬৫৯ বাংলাদেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে, ২০২৬, ২:৪৬ পিএম
কচুয়া নূরুল আজাদ কলেজের সভাপতি হলেন শিক্ষানুরাগী ফয়সাল আজাদ রুবেল

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৬ হাজার ৬৫৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে সৌদি আরবে ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৪৬টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৭২টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

এদিকে সর্বশেষ মঙ্গলবার (১২ মে) গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) মদিনায় মারা যান। এ নিয়ে সৌদি আরবে মোট মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।

মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। এর মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় ৩ জন মারা গেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী রয়েছেন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবগামী ফ্লাইট চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে আগামী ৩০ জুন।

শাহরাস্তিতে ২৩ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ খোরশেদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে, ২০২৬, ২:৪০ পিএম
কচুয়া নূরুল আজাদ কলেজের সভাপতি হলেন শিক্ষানুরাগী ফয়সাল আজাদ রুবেল

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩টি মাদক মামলার আসামি ও সাজাপ্রাপ্ত পলাতক ‘মাদক সম্রাট’ খোরশেদ আলম (৪৪) এবং অপর মাদক কারবারি বোরহান উদ্দিনকে (২৮) গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোট ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মো. আরিফ হোসাইন ও এএসআই (নিঃ) আমির হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা এলাকায় দোয়াভাঙ্গা-চাঁদপুর হাইওয়ে সড়কের দক্ষিণ পাশের ‘চৌধুরী মঞ্জিল’ এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ আলম ও বোরহান উদ্দিনকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে খোরশেদের কাছ থেকে ২০ পিস এবং বোরহানের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত খোরশেদ আলম পশ্চিম উপলতা এলাকার মৃত আরব আলীর ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মাদক মামলা রয়েছে। এছাড়া তিনি এক বছর আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এলাকায় তিনি ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

অপর আসামি বোরহান উদ্দিন দৈলবাড়ী এলাকার আব্দুল কাদিরের ছেলে।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-২১ ও জিআর নম্বর-১২২, তারিখ ১৪ মে ২০২৬।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

×