উৎসবমুখর আয়োজনে ফরিদগঞ্জ সাইন্টিফিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
বৃহস্পতিবার (২১ মে) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন গাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের পরিচালক আমান উল্লাহ খান ফারাবী ও সহকারী শিক্ষক মাহমুদ হাসান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থীরা নৃত্য, নাটক, ক্রীড়া ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ। বক্তব্যে তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানই একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।”
তিনি আরও বলেন, শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চাও সমান গুরুত্বপূর্ণ। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীকে সমান গুরুত্ব দিয়ে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু, পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহমেদ, লাউতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়াবিদ আনোয়ার হোসেন সজিব, ফরিদগঞ্জ এপেক্স শোরুমের স্বত্বাধিকারী ও সাংবাদিক শাহাদাৎ হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
















