বিদ্যুৎ সাশ্রয়ে শাহরাস্তির তিন বাজারে প্রশাসনের অভিযান
দেশব্যাপী বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি নির্দেশনা বাস্তবায়নে শাহরাস্তি উপজেলা প্রশাসন উপজেলার তিনটি বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে। সন্ধ্যা ৭টার পর জরুরি সেবা ছাড়া সব ধরনের দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশনা কার্যকরে এ অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার সূচীপাড়া বাজার, আয়নাতলী বাজার ও চিতোষী বাজারে অভিযান পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
চাঁদপুর জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় পরিচালিত এ অভিযানে জরুরি পরিষেবা ব্যতীত খোলা থাকা দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ ও সতর্ক করা হয়।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার পর জরুরি সেবা ছাড়া সব ধরনের দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার বিধান রয়েছে। কিন্তু কিছু ব্যবসাপ্রতিষ্ঠান এ নির্দেশনা অনুসরণ না করায় প্রশাসনকে অভিযান পরিচালনা করতে হয়েছে।
তিনি বলেন, প্রথম পর্যায়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কেউ সরকারি নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করা সবার দায়িত্ব। সরকারের নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট, দোকানপাট এবং আলোকসজ্জা নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ রাখতে হবে। তিনি ব্যবসায়ীদের প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান।
অভিযানে উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন। প্রশাসনের আকস্মিক অভিযানের পর বাজারগুলোতে দ্রুত দোকানপাট বন্ধ করতে দেখা যায়।
স্থানীয় সচেতন মহল বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে।

