প্রতিটি পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে: চাঁদপুর এসপি
মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান বলেছেন, প্রতিটি পাড়া-মহল্লায় মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে কচুয়া থানা চত্বরে আয়োজিত এ সভায় তিনি বলেন, “দেশে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। কমবেশি প্রতিটি এলাকায় মাদকের ছোঁয়া রয়েছে। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের প্রতি নিয়মিত নজর রাখতে হবে। তারা পড়াশোনায় মনোযোগী কি না, নাকি খারাপ সঙ্গের কারণে বিপথে যাচ্ছে—সেদিকে খেয়াল রাখতে হবে। অপ্রয়োজনে সন্তানদের হাতে মোবাইল ফোন তুলে না দেওয়ারও পরামর্শ দেন তিনি।
এসপি আরও বলেন, “স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষকরা এলাকায় ভাগ করে শিক্ষার্থীরা সন্ধ্যার পর পড়াশোনায় মনোযোগী কি না, সে বিষয়ে খোঁজখবর নিতে পারেন। এতে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও দায়িত্ববোধ বাড়বে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, চাঁদপুর জেলায় সংঘটিত ডাকাতির বেশিরভাগ ঘটনাই কচুয়া এলাকায় ঘটে। এসব অপরাধ প্রতিরোধে প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে এসপি বলেন, “আপনাদের এলাকায় যারা বড় মাদক ব্যবসায়ী, তাদের নাম-পরিচয়সহ তথ্য আমাদের দিন। তথ্যদাতার পরিচয় গোপন রেখে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।”
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) রাশেদুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর পুলিশিং কমিটির সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. তরিকুল ইসলাম তরিক, ব্যবসায়ী ফখরুল ইসলাম, পৌর জামায়াতের আমির শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজলী এবং কচুয়া মডেল মসজিদের প্রেস ইমাম মাওলানা ফরহাদ হোসাইন।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

















