লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎকর্মীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ, মামলা
চাঁদপুরের ফরিদগঞ্জে লোডশেডিংকে কেন্দ্র করে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে তুলে নিয়ে মারধর, টাকা ছিনতাই ও মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
বুধবার (২৪ জুন) দুপুরে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণ অনুযায়ী, মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ উপকেন্দ্র-১-এর আওতাধীন উত্তর ধানুয়া এলাকায় বিদ্যুৎ লাইন মেরামতের কাজে যান লাইনম্যান গ্রেড-১ মো. ইব্রাহীম ও গ্রেড-২ মো. আব্দুল কাদের। এ সময় হঠাৎ ১০ থেকে ১২ জনের একটি দল সাব-স্টেশনে প্রবেশ করে তাদের ওপর চড়াও হয়।
একপর্যায়ে হামলাকারীরা আব্দুল কাদেরকে জোরপূর্বক তুলে নিয়ে উত্তর ধানুয়া গ্রামে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে তার কাছে থাকা ২৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মামলায় ধানুয়া গ্রামের মো. জাফর মিজি, মো. ফারুক পাটোয়ারী, মো. জসিমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
এদিকে স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরে এলাকায় ঘন ঘন লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ বিরাজ করছিল। একাধিকবার অভিযোগ জানিয়েও সমাধান না পাওয়ায় জনরোষের সৃষ্টি হয়।
তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, সাব-স্টেশনের যন্ত্রপাতিতে সবসময় উচ্চমাত্রার বিদ্যুৎ প্রবাহ থাকে। উত্তেজিত জনতার হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এমনকি প্রাণহানির ঘটনাও ঘটতে পারত। জনসেবায় নিয়োজিত কর্মচারীর ওপর হামলা
গুরুতর অপরাধ বলেও উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
পল্লী বিদ্যুৎ সমিতি সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে বিদ্যুৎ আইন ও প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
















