ড্যাফোডিল ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুরে এক হাজার উপকারভোগীর মাঝে ২ কোটি টাকার তহবিল বিতরণ
ড্যাফোডিল ফাউন্ডেশনের উদ্যোগে ‘জীবিকা চাঁদপুর-৫’ প্রকল্পের আওতায় এক হাজার উপকারভোগীর মাঝে ২ কোটি টাকার তহবিল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে চাঁদপুরের বাবুরহাটে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ ক্যাম্পাসে যাকাতভিত্তিক অর্থব্যবস্থার মাধ্যমে পরিচালিত ‘মানব উন্নয়ন কর্মসূচি-৫’ প্রকল্পের আওতায় এ তহবিল হস্তান্তর ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মোহাম্মদ নুরুজ্জামান খানের সভাপতিত্বে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের উপাধ্যক্ষ আই. কে. হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূর খান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি রহিম বাদশা, ড্যাফোডিল ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর মো. জাহাঙ্গীর হোসেন এবং ড্যাফোডিল গ্রুপের ডেপুটি ডিরেক্টর মো. জাফর ইকবাল খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, বাবুরহাটের উপাধ্যক্ষ মো. ফয়সাল আহমেদ ফরাজী এবং ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সেলিম মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যাকাতভিত্তিক অর্থনৈতিক কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আর্থিক স্বাবলম্বিতা অর্জন এবং টেকসই মানব উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ ধরনের উদ্যোগ সমাজে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
















