শাহরাস্তিতে মাদকবিরোধী আলোচনা সভা ও র্যালি
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার বলশিদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, মাদকের সঙ্গে কোনো আপস করা যাবে না। মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, পুলিশ ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আলোচনা সভা শেষে বলশিদ বাজারে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।















