চাঁদপুরে মিথানল-ইথানলের অপব্যবহার রোধে হোমিও চিকিৎসকদের সতর্ক করল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’—এই স্লোগানকে সামনে রেখে রেক্টিফাইড স্পিরিট, বিষাক্ত স্পিরিট (মিথানল) ও ইথাইল অ্যালকোহল (ইথানল) এর অপব্যবহার ও সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরে হোমিওপ্যাথিক চিকিৎসক, ফার্মেসি মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় ও সতর্কীকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক মিজানুর রহমান। সভাপতিত্ব করেন পরিদর্শক হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি ডা. আতাহার আলী, সেক্রেটারি সহকারী অধ্যাপক ডা. শেখ মহসিন, সহ-সেক্রেটারি সহকারী অধ্যাপক ডা. আশ্রাফ আলী ও সাংগঠনিক সম্পাদক ডা. তাফাজ্জাল হোসেন।
এ ছাড়া আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সাহেদুল হক পাটওয়ারী, প্রচার সম্পাদক ডা. হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক ডা. আক্তার হোসেন তালুকদার, প্রভাষক ডা. মানিক সরকারসহ জেলার বিভিন্ন পর্যায়ের হোমিওপ্যাথিক চিকিৎসকরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় মিথানল ও ইথানলের অপব্যবহার, অননুমোদিত সেবন এবং এর ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা রেক্টিফাইড স্পিরিট, মিথানল ও ইথানল ব্যবহারের ক্ষেত্রে আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।
একই সঙ্গে এসব পদার্থের অপব্যবহার রোধে চিকিৎসক, ফার্মেসি মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় মাদক ও বিষাক্ত অ্যালকোহলের অপব্যবহার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।















