চাঁদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১৩ হাজার ২৫৫ শিক্ষার্থী, কেন্দ্র ২২টি
ছবি-সংগৃহীত
২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২০ ডিসেম্বর। চার দিনব্যাপী এ পরীক্ষায় চাঁদপুর জেলার আটটি উপজেলার ১৩ হাজার ২৫৫ জন শিক্ষার্থী অংশ নেবে। পরীক্ষা গ্রহণের জন্য জেলায় নির্ধারণ করা হয়েছে ২২টি কেন্দ্র।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ইতোমধ্যে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, ২০ ডিসেম্বর শুরু হয়ে পরীক্ষা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চাঁদপুরের আটটি উপজেলার মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি ২ হাজার ৩৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এ উপজেলায় কেন্দ্র রয়েছে চারটি।
এ ছাড়া কচুয়ায় ২ হাজার ১২৮ জন পরীক্ষার্থীর জন্য তিনটি কেন্দ্র, ফরিদগঞ্জে ২ হাজার ৩০ জনের জন্য চারটি কেন্দ্র, মতলব উত্তরে ১ হাজার ৯১৮ জনের জন্য তিনটি কেন্দ্র, হাজীগঞ্জে ১ হাজার ৬৫৮ জনের জন্য তিনটি কেন্দ্র, শাহরাস্তিতে ১ হাজার ৪১৫ জনের জন্য দুটি কেন্দ্র, মতলব দক্ষিণে ১ হাজার ৮৬ জনের জন্য দুটি কেন্দ্র এবং হাইমচরে ৬৮৩ জন পরীক্ষার্থীর জন্য একটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষা আয়োজনের প্রস্তুতি প্রসঙ্গে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তাঁরা আশাবাদী।


















