চাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা
চাঁদপুরে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালন করা হবে। এ উপলক্ষে ৭ নভেম্বর সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, বিকেল ৩টায় ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এ লক্ষ্যে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা রয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা যথাযথ মর্যাদায় উত্তোলন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে পৃথক অনুষ্ঠান এবং সড়কদ্বীপ ও বিভিন্ন সড়ক পতাকা দিয়ে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, জাতির শান্তি ও অগ্রগতি কামনায় সুবিধাজনক সময়ে মসজিদে মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুসদন, কিশোর সংশোধনী কেন্দ্র, শান্তি নিবাস ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। পাশাপাশি দিবসের তাৎপর্য তুলে ধরে জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সভায় বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর এবং গণপূর্ত বিভাগের বিদায়ী নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো।
এ ছাড়া সভায় চাঁদপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, শিক্ষা, ক্রীড়া, সমাজসেবা, সংস্কৃতি ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা।
সভা শেষে চাঁদপুর গণপূর্ত বিভাগের বিদায়ী নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটোকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন, আলোচনা সভা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা অনুষ্ঠান, সড়কদ্বীপ ও সড়কে পতাকা দিয়ে সাজানো, দেশাত্মবোধক গানের আসর, সিনেমা হল ও ভ্যানযোগে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, ফুটবল ম্যাচ, শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা ও রচনা প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিশু পার্কগুলো বিনা টিকিটে শিশুদের জন্য উন্মুক্ত রাখা।
এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।




















