সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

তৃতীয়বার সংরক্ষিত নারী আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতি সন্তান রাশেদা বেগম হীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬, ৩:১০ পিএম

রাশেদা বেগম হীরা

বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য (এমপি) হতে যাচ্ছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) এলাকার কৃতি সন্তান রাশেদা বেগম হীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকালে তার মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে চাঁদপুরজুড়ে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়। রাজনৈতিক বিশ্লেষকরাও ত্যাগী ও অভিজ্ঞ এই নেত্রীকে মনোনয়ন দেওয়ায় বিএনপির সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন।

রাশেদা বেগম হীরার পৈতৃক বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের আলগী গ্রামে। তিনি ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৭৯ সালে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদল-এর বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামসুন্নাহার হলের ভিপি ও জিএস পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায়ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত Oxfam, Save the Children এবং VSO-এ জেন্ডার বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন।

রাশেদা বেগম হীরা এর আগে অষ্টম ও নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

এছাড়া জাতীয়তাবাদী মহিলা দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এবং জেলা মহিলা দলের সভানেত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার জন্য তিনি নেতাকর্মীদের কাছে একজন সাহসী ও লড়াকু নেত্রী হিসেবে পরিচিত।

আবারও দাম বাড়ল এলপিজির, ১২ কেজি সিলিন্ডার ১,৯৪০ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৫৯ পিএম
তৃতীয়বার সংরক্ষিত নারী আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতি সন্তান রাশেদা বেগম হীরা

ছবি: সংগ্রহীত।

এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৭২৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১,৯৪০ টাকা। ফলে প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ২১২ টাকা।
রোববার (১৯ এপ্রিল) বিইআরসি এই নতুন মূল্য ঘোষণা করে, যা একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

সর্বশেষ সমন্বয়ে প্রতি কেজি এলপিজির দাম বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এর আগে এপ্রিলের শুরুতেই প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়েছিল। অর্থাৎ, এক মাসের মধ্যেই দুই দফায় উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি হলো।

এদিকে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন করে ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা, যা আগে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

বিইআরসি জানায়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালি-সংকটের কারণে এলপিজি আমদানি ও পরিবহন ব্যয় বেড়েছে। জাহাজ চলাচলে বিঘ্ন, বিকল্প উৎস থেকে আমদানির অতিরিক্ত খরচ, বিমা ও নিরাপত্তা ব্যয় বৃদ্ধি এবং জাহাজভাড়া ও ট্রেডারদের প্রিমিয়াম বাড়ার প্রভাব পড়েছে দামের ওপর।

এসব কারণে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রতি মেট্রিক টনে ২৫০ মার্কিন ডলার প্রিমিয়াম পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে দেশে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা যায়।

হাজীগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে ১৯৩ পিস রাইফেলের গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬, ২:০৩ পিএম
তৃতীয়বার সংরক্ষিত নারী আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতি সন্তান রাশেদা বেগম হীরা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে ১৯৩ পিস রাইফেলের গুলি (অ্যামুনিশন) উদ্ধার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনী ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টোরাগড় খেয়াঘাট সংলগ্ন একটি পরিত্যক্ত সেমি-পাকা টিনশেড ঘরের ভেতরে ভাঙা খাটের নিচে পলিপ্যাক মোড়ানো চারটি পৃথক বক্সে এসব লং রাইফেলের গুলি পাওয়া যায়।উদ্ধারকালে গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজীব শর্মা জানান, উদ্ধার করা গুলিগুলো বর্তমানে থানার হেফাজতে রয়েছে। তদন্তের মাধ্যমে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাজীগঞ্জ রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬, ১০:১৬ পিএম
তৃতীয়বার সংরক্ষিত নারী আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতি সন্তান রাশেদা বেগম হীরা

চাঁদপুরের হাজীগঞ্জে পৌরসভাধীন রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয় মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. শাহ জামাল। এতে উপস্থিত থেকে পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আকতার হোসেন দুলাল, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. এমরান হোসেন, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মনিরুজ্জামান মনির, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রফিকুল ইসলাম, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য অ্যাডভোকেট মো. মিজানুর রহমান সজীবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়াও ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামরুজ্জামান মানিক, পৌর বিএনপির সদস্য মো. শাহাদাত হোসেন সাদু, ১২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. ইছুছ মজুমদার, ১১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম, পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মারুফ খান লারা, ছাত্রনেতা নয়ন মোল্লা ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন সৈকত অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মিজানুর রহমান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করা হয়।

এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা চর্চা, বড়দের প্রতি শ্রদ্ধাশীল ও ছোটদের প্রতি সহমর্মী হওয়ার আহ্বান জানান। এছাড়া সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথাও গুরুত্বসহকারে তুলে ধরা হয়।

×