আচরণবিধি লঙ্ঘনে কঠোর অবস্থান প্রশাসনের, কাউকে ছাড় নয়: ডিসি
চাঁদপুরে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন প্রস্তুতি নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম সরকার।
সভায় জেলা প্রশাসক বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে ব্যক্তি বা দলের পরিচয় বিবেচনা না করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের কোনোভাবেই নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনকে ভোটারদের সচেতন করার আহ্বান জানান তিনি।
সভায় ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের ক্ষমতা যথাযথভাবে প্রয়োগ করবেন। কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।
গ্যাস সংকট প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেন এবং বলেন, এটি নির্বাচনকে ঘিরে কোনো ষড়যন্ত্রও হতে পারে—এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, গত এক মাসে চাঁদপুর জেলায় কোনো হত্যাকাণ্ড ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। তিনি জানান, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
চাঁদপুর শহরের যানজট নিরসনে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা প্রশ্নে কাউকেই ছাড় দেওয়া হবে না।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, এনসিপি জেলা প্রধান সমন্বয়কারী মাহবুব আলম, খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান এবং জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমির অ্যাডভোকেট শাহাজাহান খান।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















