ধানের শীষে ভোট পেলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মোস্তফা খান সফরী
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুরের কৃতি সন্তান মোস্তফা খান সফরী বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার সুযোগ সৃষ্টি করবে। তিনি বলেন, “ধানের শীষে ভোট দিলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন—এটাই জনগণের প্রত্যাশা।”
শুক্রবার শাহরাস্তি উপজেলা বিএনপির আয়োজনে চাঁদপুর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
মোস্তফা খান সফরী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের মাধ্যমেই দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার প্রতি জাতির ভালোবাসা তার মৃত্যুর পর কফিনের পাশে মানুষের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে কাজ করতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন দলীয় নেতা-কর্মীদের প্রধান দায়িত্ব।
জনসভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি মনোনীত সংসদ প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, জনঅধিকার পার্টির চেয়ারম্যান ইসমাইল হোসেন সম্রাট, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহিরুল হক দীপু পাটোয়ারী এবং শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল।
এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আক্তার হোসেন পাটোয়ারী, মো. সেলিম, কামরুজ্জামান হাসনাত, বসির পারভেজ, আলী আজগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
জনসভায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।



















