উন্নয়নে দলীয় বিভাজন নয়, সবাই আমার উপজেলার মানুষ: এমপি এম এ হান্নান
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ হান্নান বলেছেন, উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না এবং সকল নাগরিককে সমানভাবে বিবেচনা করা হবে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) ফরিদগঞ্জ আদর্শ একাডেমিতে আয়োজিত মেধাবৃত্তি প্রদান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং একাধিক সড়ক নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমি কাজ আনবো, কিন্তু ঠিকাদারদের কোনো ধরনের নয়ছয় সহ্য করা হবে না। উন্নয়ন কাজে গাফিলতি বা সময়ক্ষেপণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সংসদ সদস্য বলেন, “স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদগঞ্জবাসী আমাকে নির্বাচিত করেছেন। তাই উন্নয়নের ক্ষেত্রে কোনো দলীয় বিভাজন নয়—আমার কাছে সবাই সমান, সবাই আমার উপজেলার মানুষ।”
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে উন্নয়ন কার্যক্রম কিছুটা স্থবির থাকলেও ব্যক্তিগত উদ্যোগে প্রায় ২০ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প আনা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা হয়েছে এবং ইতোমধ্যে শিক্ষামন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে।
উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। কোনো অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।”
অনুষ্ঠানে আল-আমিন সোসাইটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিল্লাল হোসেন মিয়াজী, ইউনুছ হেলাল, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
স্বাগত বক্তব্য দেন আদর্শ একাডেমির প্রধান শিক্ষক হারুনুর রশিদ।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।


















