অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অপচেষ্টা, করদাতাদের সতর্ক করল এনবিআর
কর নথি (ফাইল) অডিটের ভয় দেখিয়ে করদাতাদের কাছ থেকে অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি জানিয়েছে, কর নথি অডিট সংক্রান্ত কোনো তথ্য কখনোই ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে জানানো হয় না এবং এ বিষয়ে কোনো ধরনের অর্থ লেনদেনের সুযোগও নেই।
রোববার প্রকাশিত এক সতর্কবার্তায় এনবিআর জানায়, সম্প্রতি একটি প্রতারক চক্র করদাতাদের ফোন করে দাবি করছে যে তাদের কর নথি অডিটের জন্য নির্বাচিত হয়েছে। এরপর অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস বা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ দাবি করা হচ্ছে।
এনবিআর স্পষ্টভাবে জানিয়েছে, কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে সংশ্লিষ্ট করদাতাকে শুধুমাত্র আইনানুগ প্রক্রিয়ায় আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে অবহিত করা হয়। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল নম্বর কিংবা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না।
সতর্কবার্তায় আরও বলা হয়, কর-সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, নগদ, রকেটসহ কোনো মোবাইল ব্যাংকিং সেবা বা ব্যক্তিগত ব্যাংক হিসাবে অর্থ গ্রহণের বৈধতা রাখেন না।
করদাতাদের উদ্দেশে এনবিআর পরামর্শ দিয়েছে, এ ধরনের সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করতে।
এছাড়া কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পাশাপাশি প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ রাখারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, করদাতাদের হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই কোনো অবস্থাতেই প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতির কাছে নতি স্বীকার করে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।











