বিজ্ঞান-প্রযুক্তি থেকে ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয়’, আইনের খসড়া প্রস্তুত

বিজ্ঞান-প্রযুক্তি থেকে ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয়’, আইনের খসড়া প্রস্তুত

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ বাতিল করে নতুন করে ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে।

প্রস্তাবিত নতুন আইনের খসড়ার ওপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের লিখিত মতামত চাওয়া হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠির সঙ্গে প্রস্তাবিত আইনের খসড়াও সংযুক্ত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ রহিত করে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গত ৮ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয় শাখার অতিরিক্ত সচিবকে সভাপতি করে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটি ইতোমধ্যে ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর একটি খসড়া প্রণয়ন করেছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, খসড়া আইনটির ওপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের লিখিত মতামত নেওয়া প্রয়োজন। এ কারণে সংশ্লিষ্টদের খসড়াটির ওপর মতামত দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ তৈরি হবে। ফলে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ও একাডেমিক পরিসর আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন চাঁবিপ্রবি ছাত্রদলের সভাপতি-সম্পাদক

বিজ্ঞান-প্রযুক্তি থেকে ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয়’, আইনের খসড়া প্রস্তুত

বিএনপি আয়োজিত ‘নির্বাচনী ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক জাতীয় কর্মশালার দলগত কার্যক্রমে তৃতীয় স্থান অর্জন করেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) শাখা ছাত্রদলের একটি দল। দলটির নেতৃত্বে ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল কবির নিহাল ও সাধারণ সম্পাদক মো. ইফতিখারুল আলম বসুনীয়া। প্রতিযোগিতায় সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তাঁরা।

গত ১৪ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইসমাইল রবিউল্লাহ, জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, জাহেদ উর রহমান ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ বিভিন্ন মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্যসচিবরা কর্মশালায় অংশ নেন।

কর্মশালার দলগত কার্যক্রমে ১০ জন করে অংশগ্রহণকারী নিয়ে মোট ১০টি দল গঠন করা হয়। প্রতিটি দলকে নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্য থেকে একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা, মতবিনিময় ও প্রস্তাবনা তৈরির দায়িত্ব দেওয়া হয়। এ জন্য দলগুলোকে ৩০ মিনিট সময় দেওয়া হয়।

পরে প্রতিটি দলের একজন প্রতিনিধি তিন মিনিটের মধ্যে নিজ দলের পরিকল্পনা ও প্রস্তাবনা উপস্থাপন করেন।

এ পর্বে চাঁবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাকিবুল কবির নিহাল ও সাধারণ সম্পাদক মো. ইফতিখারুল আলম বসুনীয়ার সমন্বয়ে গঠিত দলটি নিজেদের প্রস্তাবনা উপস্থাপন করে তৃতীয় স্থান অর্জন করে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তাঁরা।

জাতীয় পর্যায়ের এ কর্মশালায় চাঁবিপ্রবি ছাত্রদলের এ অর্জন বিশ্ববিদ্যালয় শাখাটির জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

৩৬ বছরের দখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা, ফৌজদারি ১৪৫ ধারায় মামলা

বিজ্ঞান-প্রযুক্তি থেকে ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয়’, আইনের খসড়া প্রস্তুত

চাঁদপুরের শাহরাস্তিতে ৩৬ বছর ধরে ভোগদখলে থাকা পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে আদালতে আবেদন করেছেন মোঃ রহমত উল্যাহ (৩০)। আবেদনের পরিপ্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

গত ১ নভেম্বর চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজ্জলা রানী চাকমা এ আদেশ দেন। বিরোধপূর্ণ জমির প্রকৃত দখল পরিস্থিতি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে দায়ের করা আবেদনে প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করা হয়েছে, শাহরাস্তি উপজেলার সূচীপাড়া গ্রামের মোঃ আবুল হোসেন (৬৩), দেলোয়ার হোসেন (৫৭), ইমাম হোসেন (৫২), ইকবাল হোসেন (৬৫) ও মোস্তাফিজ (৪৫)-কে। প্রথম চারজনের পিতা মৃত আঃ মোতালেব এবং মোস্তাফিজের পিতা নুরুল ইসলাম।

আবেদনে রহমত উল্যাহ উল্লেখ করেন, শাহরাস্তি উপজেলার ১০৪ নম্বর সূচীপাড়া মৌজার বিএস ৬৬৯ নম্বর খতিয়ান ও ১১৮৬ নম্বর খারিজি খতিয়ানভুক্ত ১৭৭৯ নম্বর হাল দাগের মোট ০.৮ একর জমি তার পিতা শমসের আলীর মালিকানাধীন ও দখলীয় সম্পত্তি ছিল। পরবর্তীতে পৈতৃক ওয়ারিশ সূত্রে তিনি ওই জমির মালিকানা ও দখল লাভ করেন। প্রায় ৩৬ বছর ধরে জমিটি তাদের পরিবারের দখলে রয়েছে বলে আবেদনে দাবি করা হয়েছে। জমির চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করে তারা ভোগদখল করে আসছেন বলেও উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়, গত ৩১ অক্টোবর সকাল ৯টার দিকে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি বিরোধপূর্ণ জমিতে বাঁশের বেড়া দেওয়ার চেষ্টা করেন। এ সময় সীমানাপ্রাচীরের গেট ভাঙচুর এবং জমি থেকে উচ্ছেদের চেষ্টা করা হয়। এতে বাধা দিলে বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়া হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এ ঘটনায় প্রতিকার চেয়ে উল্লিখিত পাঁচজনকে প্রতিপক্ষ করে আদালতে আবেদন করেন রহমত উল্যাহ।

আদালতের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি), শাহরাস্তিকে বিরোধপূর্ণ জমির বর্তমান দখল পরিস্থিতি সরেজমিনে তদন্ত করে মতামতসহ ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ১৪৫(১) ধারার বিধান অনুযায়ী উভয় পক্ষকে জমির দখলসংক্রান্ত বিষয়ে লিখিত বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বিরোধকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শাহরাস্তি মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় জমির দখল নিয়ে বিরোধের কারণে শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিলে ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

হাটিলা পূর্ব ইউপিতে চেয়ারম্যান পদে আলোচনায় সুলতান মাহমুদুল হাসান

বিজ্ঞান-প্রযুক্তি থেকে ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয়’, আইনের খসড়া প্রস্তুত

সুলতান মাহমুদুল হাসান। ছবি-সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮ নম্বর হাটিলা (পূর্ব) ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন শিক্ষানুরাগী, সমাজসেবক ও ব্যবসায়ী সুলতান মাহমুদুল হাসান। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন।

সুলতান মাহমুদুল হাসান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাড়িয়াইন গ্রামের হাফেজ সাহেবের বাড়ির বাসিন্দা। তাঁর পিতা মরহুম সামছুল আলম এবং মাতা রৌশন আরা। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি একজন। তাঁর দুই মেয়ে রয়েছে। তাঁর শ্বশুরবাড়ি প্রতাপপুরের আটিয়া বাড়িতে।

শিক্ষাজীবনে তিনি টঙ্গীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে চাঁদপুর সরকারি কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ (অনার্স) এবং একই প্রতিষ্ঠান থেকে হিসাববিজ্ঞানে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত। চাঁদপুর মাছঘাট এলাকার পিউর ইলিশ এবং চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকার পিউর বিরিয়ানি হাউজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সংগঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন সুলতান মাহমুদুল হাসান। তিনি মোহনা শিল্পীগোষ্ঠী চাঁদপুরের সাবেক পরিচালক এবং সুনিপুণ শিল্পীগোষ্ঠী চাঁদপুরের সাবেক প্রতিষ্ঠাতা সহকারী পরিচালক ছিলেন। বর্তমানে হিলশা শিল্পীগোষ্ঠী চাঁদপুরের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ৮ নম্বর হাটিলা পূর্ব ইউনিয়ন সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক এবং শ্রমিক কল্যাণ, চাঁদপুর শহরের সহকারী সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক ও সাংগঠনিক জীবনে তাঁর সম্পৃক্ততা রয়েছে ছাত্রশিবিরের সঙ্গে। তিনি আল-আমিন একাডেমি ও গাছতলা মাদ্রাসা শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং চাঁদপুর শহর ছাত্রশিবিরের সাবেক সাহিত্য সম্পাদক ছিলেন।

গণমাধ্যম’কে দেওয়া এক সাক্ষাৎকারে সুলতান মাহমুদুল হাসান জানান, বিগত ফ্যাসিস্ট আমলে তাঁর বিরুদ্ধে চারটি মামলা হয়েছিল এবং তাঁকে চারবার কারাবরণ করতে হয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয় পর্যায়ে নিজের অবস্থান জানান দিচ্ছেন তিনি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন সুলতান মাহমুদুল হাসান।