বিজ্ঞান-প্রযুক্তি থেকে ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয়’, আইনের খসড়া প্রস্তুত
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ বাতিল করে নতুন করে ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে।
প্রস্তাবিত নতুন আইনের খসড়ার ওপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের লিখিত মতামত চাওয়া হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠির সঙ্গে প্রস্তাবিত আইনের খসড়াও সংযুক্ত করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’ রহিত করে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গত ৮ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয় শাখার অতিরিক্ত সচিবকে সভাপতি করে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটি ইতোমধ্যে ‘চাঁদপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর একটি খসড়া প্রণয়ন করেছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, খসড়া আইনটির ওপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের লিখিত মতামত নেওয়া প্রয়োজন। এ কারণে সংশ্লিষ্টদের খসড়াটির ওপর মতামত দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ তৈরি হবে। ফলে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ও একাডেমিক পরিসর আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।















