সিগারেট কারখানায় ভ্যাট ফাঁকির নতুন কৌশল, উদঘাটন সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি

সিগারেট কারখানায় ভ্যাট ফাঁকির নতুন কৌশল, উদঘাটন সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি

ছবি-সংগৃহীত।

ব্যবহৃত ও নকল ব্যান্ডরোল ব্যবহার করে গোপনে সিগারেট উৎপাদন এবং ভ্যাট চালান ছাড়াই বাজারজাতের মাধ্যমে সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

গাজীপুরের একটি সিগারেট কারখানা ও সংলগ্ন গুদামে অভিযান চালিয়ে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর গাজীপুর সদরের কাউলতিয়ায় অবস্থিত Virgo Tobacco Ltd.-এ আকস্মিক অভিযান চালায় মূল্য সংযোজন কর, ঢাকা-এর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি প্রিভেন্টিভ টিম।

অভিযানে প্রতিষ্ঠানের বিভিন্ন দলিলাদি জব্দ করা হয়। একই সময়ে দুটি টিম কারখানা ও এর কাছাকাছি একটি গুদামে অভিযান পরিচালনা করে। গোয়েন্দা দলের দাবি, বাইরে থেকে কারখানার গেট বন্ধ থাকলেও ভেতরে উৎপাদন কার্যক্রম চলছিল। বারবার গেট খোলার অনুরোধে সাড়া না পাওয়ায় কর্মকর্তারা দেয়াল টপকে কারখানায় প্রবেশ করেন।

অভিযানকারী দল কারখানা চত্বরে ধোঁয়া দেখতে পেয়ে সেখানে গিয়ে ব্যবহৃত ব্যান্ডরোল ও নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট পোড়ানোর বিষয়টি দেখতে পায়। পোড়ানো সিগারেটের বিষয়ে প্রয়োজনীয় দলিল দেখাতে বলা হলেও প্রতিষ্ঠানটি তা দেখাতে পারেনি। এসব সিগারেট ধ্বংসের জন্য বিভাগীয় কর্মকর্তার অনুমোদন নেওয়া হয়েছিল কি না জানতে চাইলে কোনো অনুমোদন নেওয়া হয়নি বলে জানানো হয়।
ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর জানায়, আনুমানিক ৫০ লাখ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট পুড়িয়ে ফেলা হয়েছিল।

প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার লিখিত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। পরে পোড়া ব্যান্ডরোলের অবশিষ্টাংশ আলামত হিসেবে জব্দ করা হয়।

অভিযানে কারখানা, সংলগ্ন গুদাম ও আবাসিক ভবন থেকে ব্যবহৃত স্ট্যাম্প ও ব্যান্ডরোল, সিগারেট উৎপাদনের বিভিন্ন কাঁচামাল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় কয়েকটি বিদেশি ব্র্যান্ডের সিগারেটের নমুনা ও খালি প্যাকেটও পাওয়া যায়। এসব বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে বলে জানিয়েছে এনবিআর।

জব্দ করা আলামত ও প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের বরাতে এনবিআর জানায়, প্রতিষ্ঠানটি বৈধ স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহারের পাশাপাশি ব্যবহৃত স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার করে গোপনে সিগারেট উৎপাদন ও বাজারজাত করে আসছিল।

এ ছাড়া মূসক গোয়েন্দার আইটি ও সাইবার ফরেনসিক টিম জব্দ করা মোবাইল ফোনের চ্যাট হিস্ট্রি, বিক্রয়সংক্রান্ত গোপন বার্তা ও হিসাবের ছবি বিশ্লেষণ করে। এতে দীর্ঘদিন ধরে উৎপাদিত সিগারেটের একটি বড় অংশ কোনো ধরনের ভ্যাট চালান (মূসক-৬.৩) ছাড়াই বাজারে সরবরাহের তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে সংস্থাটি।

প্রাথমিক হিসাব অনুযায়ী, এসব কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের প্রাপ্য ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ প্রায় সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নিতে মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ১৭/২০২৬, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬।

এনবিআর জানিয়েছে, সরকারি রাজস্ব সুরক্ষা, তামাকজাত পণ্যের অবৈধ উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিরোধ এবং জাল স্ট্যাম্প ও ব্যান্ডরোলের মাধ্যমে রাজস্ব ফাঁকি বন্ধে দেশব্যাপী অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্লিনের ফেলোশিপ পেলেন ফরিদগঞ্জের মহিউদ্দিন রাব্বানি

সিগারেট কারখানায় ভ্যাট ফাঁকির নতুন কৌশল, উদঘাটন সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি

মহিউদ্দিন রাব্বানি। ছবি-সংগৃহীত

জ্বালানি খাত নিয়ে অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে মিডিয়া ফেলোশিপ পেয়েছেন ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন রাব্বানি। গত সেপ্টেম্বরে প্রকাশিত ‘বিশ্বব্যাংক গোষ্ঠীর অর্থায়নই কি বাড়াচ্ছে গ্যাসে আমদানি-নির্ভরতা?’ শীর্ষক প্রতিবেদনের জন্য তাকে এ ফেলোশিপে মনোনীত করেছে কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভাইরনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন)।

নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ নিয়ে কাজ করা সংস্থাটি জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে এ ফেলোশিপ প্রদান করছে।

মহিউদ্দিন রাব্বানি চাঁদপুরের ফরিদগঞ্জের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছোটবেলা থেকেই পত্রপত্রিকা পড়া ও লেখালেখির প্রতি আগ্রহ তার। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। বর্তমানে ঢাকা মেইলে নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন।

এর আগে তিনি দৈনিক সংবাদ, দৈনিক আমার সংবাদ, দৈনিক সবুজ বাংলা ও দৈনিক বাণিজ্য প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। পেশাগত জীবনে অর্থনীতি, বাণিজ্য ও জ্বালানি খাত নিয়ে নিয়মিত সংবাদ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করে আসছেন তিনি।

ফেলোশিপের জন্য মনোনীত তার প্রতিবেদনে বিশ্বব্যাংক গোষ্ঠীর অর্থায়নে বাংলাদেশের গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামো সম্প্রসারণের প্রভাব এবং দেশের জ্বালানি নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

মহিউদ্দিন রাব্বানি দেশের পেশাদার সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য।

ফরিদগঞ্জে বিশেষ অভিযানে আরও ৪ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

সিগারেট কারখানায় ভ্যাট ফাঁকির নতুন কৌশল, উদঘাটন সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি

চাঁদপুরের ফরিদগঞ্জে নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আরও চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত তিন দিনে উপজেলায় মোট ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) রাতে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের বিশেষ নির্দেশনায় এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর সার্বিক পরিচালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন—ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম (৪৮), পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেন (৫০), বালিথুবা পশ্চিম ইউনিয়ন যুবলীগ নেতা আ. সালাম ওরফে আরিফ মিজি (৩৫) এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মো. আলী আকবর হাজী (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গোপন নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার (৯ নভেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

ফরিদগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর লাশ

সিগারেট কারখানায় ভ্যাট ফাঁকির নতুন কৌশল, উদঘাটন সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুর থেকে ইয়াছিন হোসেন (৪) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। খেলতে গিয়ে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর গ্রামের হাজী বাড়ির একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়াছিন ওই গ্রামের হাজী বাড়ির দিনমজুর জিতুর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার পর থেকে শিশু ইয়াছিন নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে শনিবার রাতেই শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অবশেষে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর রবিবার সকালে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন এক প্রতিবেশী। তার ডাক-চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন।

কান্নাজড়িত কণ্ঠে শিশুটির বাবা জিতু বলেন, ‘আমার অবুঝ ছেলের সঙ্গে বা আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কারও প্রতি আমাদের কোনো সন্দেহও নেই। হয়তো খেলতে গিয়ে সে পানিতে পড়ে মারা গেছে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আমরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছি।’

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, রবিবার সকালে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটি আগের দিন দুপুর থেকে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।