২২ দিনে চাঁদপুরে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

২২ দিনে চাঁদপুরে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে পদ্মা-মেঘনা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে চাঁদপুরে ৬৪৬ জেলেকে আটক করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অভিযোগে জেলা ও উপজেলা টাস্কফোর্স এবং নৌ পুলিশ তাঁদের আটক করে। তাঁদের মধ্যে ১৮৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। অন্যদিকে নৌ পুলিশের হাতে আটক ৪৬৩ জনের মধ্যে ১২০ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও চাঁদপুর নৌ থানা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৮ অক্টোবর রাত ১২টা থেকে ২৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল। মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন নিষিদ্ধ ছিল।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য বলছে, নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা ও উপজেলা টাস্কফোর্স ২৩৮টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে আটক ১৮৩ জনকে ৭২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। জরিমানা থেকে আদায় হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ২০০ টাকা।

অভিযানে ২ দশমিক ৭৫৩ টন ইলিশ এবং ১২ লাখ ১ হাজার ৯৯ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা। এসব ঘটনায় ১৬১টি মামলা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, জব্দ করা নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা ইলিশ বিধি অনুযায়ী স্থানীয় দুস্থ মানুষ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অন্যদিকে, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অভিযানে আটক ৪৬৩ জনের মধ্যে ৩৪৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। বাকি ১২০ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া নৌ পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলাসহ মোট ১৩২টি মামলা করেছে নৌ পুলিশ।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন জানান, অভিযানে ৩০ লাখ ৯০ হাজার ৫৮৫ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মামলার আলামত হিসেবে সংরক্ষণের পর এসব জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ ছাড়া ৭৭টি মাছ ধরার নৌকা জব্দ রয়েছে। উদ্ধার করা ১ দশমিক ৩২০ টন ইলিশ স্থানীয় দুস্থ মানুষ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এদিকে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২৯ অক্টোবর দিবাগত রাত ১২টায়। এরপর থেকে চাঁদপুরের নিবন্ধিত প্রায় ৪৪ হাজার জেলে আবারও ইলিশসহ অন্যান্য মাছ ধরতে পদ্মা-মেঘনা নদীতে নামতে শুরু করেছেন।

১০ বছর বয়সেই পবিত্র কুরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে , উসমান ইবনে আফফান (রা.) মডেল মাদরাসার থেকে আশ্রাফ আহমেদ নবীন

২২ দিনে চাঁদপুরে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

চাঁদপুরে মাত্র ১০ বছর বয়সে পবিত্র কুরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে ক্ষুদে শিক্ষার্থী মোঃ আশ্রাফ আহমেদ নবীন। সে পূর্ব শ্রীরামদী ৪নং ওয়ার্ডে ব্রিজের গোড়ার পশ্চিম পাশে অবস্থিত উসমান ইবনে আফফান (রা.) মডেল মাদরাসার হিফজ বিভাগ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। মাদরাসার হিফজ বিভাগের প্রদান উস্তাদ  হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ সাহেবের  তত্ত্বাবধানে সে হিফজ সম্পন্ন করে।

২০২৫ সালের ১৮ জানুয়ারি হিফজ শুরু করে ২০২৬ সালের ২৮ অক্টোবর তা সম্পন্ন করে আশ্রাফ আহমেদ নবীন। দীর্ঘ ১ বছর ৯ মাস ১০ দিনের প্রচেষ্টায় সে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে। আশ্রাফ আহমেদ নবীন চাঁদপুর সদর উপজেলার পুরান বাজারের পশ্চিম শ্রীরামদী এলাকার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে। আশ্রাফ আহমেদ নবীনের হিফজ সম্পন্ন উপলক্ষে মাদরাসার পক্ষ থেকে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয় এবং আশ্রাফ আহমেদ নবীনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় তার মা-বাবা ও হিফজের পেছনে নিরলস পরিশ্রম করা উস্তাদ দের অবদানের কথাও তুলে ধরা হয়।

মাদরাসার হিফজ বিভাগের প্রদান উস্তাদ হাফেজ মাওলানা মাছুম বিল্লাহ বলেন, পবিত্র কুরআন হলো মানবজাতির জন্য মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাব। এটি হেদায়েতের আলো, সত্য-মিথ্যার পার্থক্যকারী এবং মানবজীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। মহান আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন যে, তিনি কুরআন নাজিল করেছেন এবং তিনিই একে সংরক্ষণ করবেন।

কুরআনের মূল আরবি পাঠ আল্লাহর হেফাজতে সংরক্ষিত। যুগে যুগে অসংখ্য হাফেজে কুরআন, কুরআনের শিক্ষক ও আলেম এই সংরক্ষণের ধারায় অবদান রেখে চলেছেন। তাঁদের প্রচেষ্টা আল্লাহর নির্ধারিত সংরক্ষণব্যবস্থারই অংশ। তাই
মাত্র ১০ বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার অশেষ রহমতে আশ্রাফ আহমেদ নবীন ৩০ পারা হিফজ সম্পন্ন করে। আমাদের জন্য আনন্দের বিষয়। এ অর্জনের পেছনে তার অধ্যবসায়, মা-বাবার সহযোগিতা এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টা রয়েছে। আমরা দোয়া করি, মহান আল্লাহ যেন তাকে কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তাওফিক দেন এবং দ্বীন ও মানবতার সেবায় নিয়োজিত রাখেন।”

মাদরাসার পরিচালক দের পক্ষ থেকে আশ্রাফ আহমেদ নবীনকে আন্তরিক মোবারকবাদ জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়, তিনি যেন আশ্রাফ আহমেদ নবীন কে কুরআনের একজন হক্কানি হাফেজ হিসেবে কবুল করেন, তার মা-বাবার শ্রম ও ত্যাগের উত্তম প্রতিদান দেন এবং ভবিষ্যতে দ্বীনের একজন দায়ী হিসেবে দেশ ও জাতির খেদমত করার তাওফিক দান করেন। পাশাপাশি আশ্রাফ  নবীনের পেছনে মেহনত করা সকল শিক্ষকের শ্রম কবুল করে তাঁদের দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দেওয়ার প্রার্থনা করা হয়।

মাদরাসার পক্ষ থেকে শিক্ষাক হুজুরা আশাবাদ ব্যক্ত করা হয়, এ ধরনের সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে এবং পবিত্র কোরআনের আলো দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়বে।

ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিত, বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা

২২ দিনে চাঁদপুরে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপির কয়েকজন নেতাকর্মীর অব্যাহত অসদাচরণ, হুমকি-ধমকি, মারধর ও লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। উল্লেখিত ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ফরিদগঞ্জে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভা-সমাবেশের সকল সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা।

বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত জরুরি প্রতিবাদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভঁুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকরা অনির্দিষ্টকালের জন্য বিএনপির নিউজ বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সভায় সকল সাংবাদিকের বক্তব্য শেষে সংগঠনের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বলেন, আমাদের সাংবাদিক ভাইদের ওপর অব্যাহত হামলা, মারধর, লাঞ্ছিত করা ও হুমকি-ধমকির প্রতিবাদে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সকল প্রকার সভা–-সমাবেশের সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হলো। এ সিদ্ধান্ত

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) থেকে পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

কয়েকদিন আগে দৈনিক ইত্তেফাক পত্রিকার ফরিদগঞ্জ সংবাদদাতা সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিনকে ফরিদগঞ্জ বাজারে সকালবেলা প্রকাশ্যে মারধর ও লঞ্ছিত করা হয়।

সেদিন জরুরী সভা আহ্বান করা হয়। সংবাদ শুনে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ সরাসরি সভায় উপস্থিত হন। তার অনুরোধে সমঝোতার প্রস্তাব মেনে নেয়া হয়। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক আট ঘটিকায় পুনরায় সাংবাদিক মো. মহিউদ্দিনকে খোঁজাখুঁজি করা হয়। সেখানে উপস্থিত সাংবাদিক শিমুল হাসানকে মারতে উদ্যত হয় ও তেড়ে আসে। উপস্থিত অন্যরা শিমুলকে নিরাপদ স্থানে নিয়ে যায়। তারা ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশ করে হুমকি ধমকি দেয়।

এ ছাড়া, নিউজের তথ্য সংগ্রহকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্র, উপজেলা পরিষদ এলাকায় টেন্ডারকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে অসদাচরণ, থানা এলাকায় সাংবাদিকদের হুমকি-ধমকি লাঞ্ছিতের ঘটনা ও কুপিয়ে খুন জখম করবে বলে হুমকি দেয়।

এদিকে, ফরিদগঞ্জে বিএনপির কমিটি নেই। কিন্তু, যাঁরা নেতৃত্বে আছেন তাদের উদ্যোগ নিয়ে সাংবাদিকদের প্রতি দলীয় লোকজনের হুমকি-ধমকি বন্ধে আলাদা বা সম্মিলিতভাবে কার্যকর উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উদ্ভুত পরিস্থিতির স্থায়ী সমাধান করতে পারলে প্রেসক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত পুনঃ বিবেচনার সুযোগ থাকবে বলে ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি সিদ্ধান্ত জানিয়েছেন।

সভায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন, নুরুল ইসলাম ফরহাদ, বর্তমান কমিটির সহ-সভাপতি মো. মহিউদ্দিন, দেলোয়ার হোসেন বেলাল, সহ-সাধারণ সম্পাদক আমিন খাঁন স্বপন, সাংগঠনিক সম্পাদক গাজী মমিন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক, প্রচার-ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, প্রকাশনা-পাঠাগার সম্পাদক আমান উল্যাহ খাঁন ফারাবী, আইসিটি সম্পাদক ফাহাদ খাঁন, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন, কার্য-নির্বাহী সদস্য নারায়ন রবিদাস, এসএম ইকবাল, শিমুল হাসান, আনিসুর রহমান সুজন, সদস্য এমরান হোসেন লিটন, জাকির হোসেন সৈকত, মাসুম আলম তালুকদার,তাপস চক্রবর্তী, মামুন হোসাইন, আব্দুল কাদির, ফখরুল আলম পাঠান, কেএম নজরুল ইসলাম, শামীম হাসান, এফএ মানিক, সাখাওয়াত হোসেন মিন্টু, জসিম উদ্দিন বক্তব্য রাখেন।

শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সভায় নানান বিষয় সিদ্ধান্ত গ্রহণ

২২ দিনে চাঁদপুরে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সদস্যরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত মানোন্নয়ন ও কার্যক্রম পর্যালোচনা, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন এবং বার্ষিক ফ্যামিলি ট্যুর আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি গৃহীত সিদ্ধান্ত ও পরিকল্পনাগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিনটি উপ-কমিটি গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সহ-সভাপতি স্বপন কর্মকার মিঠুন, কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহম্মেদ ও মীর হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব পাটওয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা আল শিহাব, সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও সদস্য হাসান আহমেদ বাবলু, মোসাদ্দেক হোসেন জুয়েল, মাহমুদুল হাসান, হানিফ মিয়াজিসহ অন্যরা।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে নবগঠিত উপ-কমিটিগুলোকে কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।