শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের আগে আজও খোলা সব ব্যাংক, বিকেল ৩টা পর্যন্ত চলবে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ৯:২১ এএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। এ কারণে অতিরিক্ত ছুটি সমন্বয়ের অংশ হিসেবে সাপ্তাহিক ছুটির দিন আজ শনিবার (২৩ মে) দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শনিবার (২৩ মে) ও রোববার (২৪ মে) দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।

এ সময় গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিয়মিত ব্যাংকিং লেনদেন করতে পারবেন। এছাড়া আনুষঙ্গিক ও প্রশাসনিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।

ঈদের দীর্ঘ ছুটিতে তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থায় কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

এ লক্ষ্যে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম এলাকার পোশাকশিল্প সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো আগামী ২৫ ও ২৬ মে সীমিত আকারে খোলা থাকবে।

ওই দুই দিনে ব্যাংকের অফিস সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এছাড়া সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে সপ্তাহে সাত দিন, ২৪ ঘণ্টা সেবা চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ঈদের ছুটিকালেও (ঈদের দিন ব্যতীত) সীমিত পরিসরে আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ছুটির সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন।

কচুয়ায় ইউএনও’র গানম্যান আনসার সদস্য ইয়াবাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে, ২০২৬, ১২:০৫ পিএম
ঈদের আগে আজও খোলা সব ব্যাংক, বিকেল ৩টা পর্যন্ত চলবে লেনদেন

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের গানম্যান হিসেবে দায়িত্বে থাকা আনসার সদস্য শাহ মনিরকে ইয়াবাসহ গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।

মঙ্গলবার কচুয়া পৌরসভার কড়ইয়া মাছ আড়ৎ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শাহ মনির শাহ মনির লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ নম্বর পার্বতী ইউনিয়নের হিলা বাইচা মোল্লা বাড়ি এলাকার বাসিন্দা এবং শাহ আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দায়িত্ব পালন শেষে শাহ মনির কড়ইয়া মাছ আড়ৎ এলাকায় যান। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার কাছে ইয়াবা ট্যাবলেট পাওয়া গেলে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, আনসার সদস্য শাহ মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তবে উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি পুলিশ।

উৎসবমুখর আয়োজনে ফরিদগঞ্জ সাইন্টিফিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মে, ২০২৬, ১১:৫৬ এএম
ঈদের আগে আজও খোলা সব ব্যাংক, বিকেল ৩টা পর্যন্ত চলবে লেনদেন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

বৃহস্পতিবার (২১ মে) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন গাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের পরিচালক আমান উল্লাহ খান ফারাবী ও সহকারী শিক্ষক মাহমুদ হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থীরা নৃত্য, নাটক, ক্রীড়া ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ। বক্তব্যে তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানই একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।”
তিনি আরও বলেন, শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চাও সমান গুরুত্বপূর্ণ। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীকে সমান গুরুত্ব দিয়ে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু, পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহমেদ, লাউতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়াবিদ আনোয়ার হোসেন সজিব, ফরিদগঞ্জ এপেক্স শোরুমের স্বত্বাধিকারী ও সাংবাদিক শাহাদাৎ হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

জাতীয় বাজেটকে ‘নৈতিক দলিল’ হিসেবে প্রণয়নের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে, ২০২৬, ৯:১৮ এএম
ঈদের আগে আজও খোলা সব ব্যাংক, বিকেল ৩টা পর্যন্ত চলবে লেনদেন

আসন্ন জাতীয় বাজেটকে শুধু আয়-ব্যয়ের হিসাব হিসেবে নয়, বরং বৈষম্য হ্রাস ও সাধারণ মানুষের উন্নয়নের নৈতিক দলিল হিসেবে প্রণয়নের আহ্বান জানিয়েছেন বক্তারা। তাদের মতে, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব না দিলে টেকসই উন্নয়ন সম্ভব হবে না।

বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত “স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতে প্রাপ্তি ও প্রত্যাশা” শীর্ষক সেমিনারে এসব কথা বলা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ড. মাহবুব উল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. একেএম ওয়ারেসুল করিম।

এছাড়া আলোচনায় অংশ নেন নূরুন্নিসা সিদ্দিকা, ড. খ ম কবিরুল ইসলাম, ড. মো. ফরিদুল ইসলাম, মাসুমুর রহমান খলিলী এবং ডা. মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোজাম্মেল হক এবং সঞ্চালনা করেন ড. খুরশীদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে বরাদ্দকৃত অর্থ অনেক সময় কার্যকরভাবে ব্যবহার করা যায় না। হাসপাতালের ভবন নির্মাণ হলেও প্রয়োজনীয় জনবল না থাকায় যন্ত্রপাতি অকেজো পড়ে থাকে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বাজেটের আকার বাড়লেও কর আদায়ে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। প্রশাসনিক দুর্বলতা ও অদক্ষতার কারণে রাজস্ব আহরণে ঘাটতি রয়েছে। সরকারি বিভাগগুলোকে প্রযুক্তিনির্ভর ও দক্ষ করে তোলার পাশাপাশি প্রশাসনিক পুনর্বিন্যাস এবং উপজেলা পর্যায়ে স্বতন্ত্র বাজেট ও পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

প্রধান আলোচক ড. মাহবুব উল্লাহ বলেন, প্রচলিত ধারণায় বাজেট সরকারের আয়-ব্যয়ের হিসাব হলেও বাস্তবে তা অনেক সময় ধনিকগোষ্ঠীর কাছে সম্পদ স্থানান্তরের মাধ্যম হয়ে দাঁড়ায়। তাই বাজেটকে এমনভাবে প্রণয়ন করতে হবে, যাতে তা বৈষম্য না বাড়িয়ে সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করে।

তিনি বলেন, সীমিত কৃষিজমির দেশে কৃষিখাতে বিশেষ বরাদ্দ অব্যাহত রাখা জরুরি। পাশাপাশি কৃষিজমিতে অপরিকল্পিত আবাসন নির্মাণ বন্ধ করতে হবে। স্বাস্থ্যখাত প্রসঙ্গে তিনি শিশু অপুষ্টি রোধে কার্যকর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার মানোন্নয়নে যোগ্য শিক্ষক নিয়োগ ও মূল্যায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মূল প্রবন্ধে ড. একেএম ওয়ারেসুল করিম বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা সরকারি, বেসরকারি, ইংরেজি মাধ্যম ও মাদরাসা ধারায় বিভক্ত হওয়ায় সমমানের দক্ষতা ও নাগরিক চেতনা গড়ে উঠছে না। চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় STEM শিক্ষা, গবেষণা এবং সমালোচনামূলক চিন্তার বিকাশ জরুরি বলে মত দেন তিনি।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে তিনি বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থা উচ্চমূল্যের বেসরকারি ও অতিরিক্ত চাপগ্রস্ত সরকারি সেবার মধ্যে বিভক্ত হয়ে পড়েছে। এতে চিকিৎসা ব্যয়ের চাপ বহু পরিবারকে আর্থিক সংকটে ফেলছে। সর্বজনীন স্বাস্থ্যসেবা, ডিজিটাল স্বাস্থ্য ডেটাবেজ, টেলিমেডিসিন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক রোগ নির্ণয় ব্যবস্থার ওপর গুরুত্ব দেন তিনি।

কৃষিখাত নিয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, ঋণের চাপ ও ন্যায্যমূল্যের অভাবে প্রান্তিক কৃষকরা সংকটে রয়েছেন। এ পরিস্থিতিতে জলবায়ু-সহনশীল প্রযুক্তি, আধুনিক সংরক্ষণাগার ও কৃষকবান্ধব বাজার ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দিকা বলেন, নারী ও শিশুর নিরাপত্তাহীনতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বাজেটে এ বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন। পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের সুরক্ষা ও বাজারে চাঁদাবাজি বন্ধের ওপর গুরুত্ব দেন তিনি।

ড. খ ম কবিরুল ইসলাম বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। তিনি ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের কম বেতনের প্রসঙ্গ তুলে ধরে শিক্ষা ব্যবস্থার বৈষম্য দূর করার আহ্বান জানান।

ড. মো. ফরিদুল ইসলাম বলেন, কৃষি দেশের অস্তিত্বের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই কৃষিসংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে আরও সমন্বয় প্রয়োজন।

ডা. মোহাম্মদ রুহুল আমিন বলেন, স্বাস্থ্যসেবা ধীরে ধীরে পণ্যনির্ভর হয়ে উঠছে। ফলে সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হলে বিদেশে চিকিৎসা বাবদ বৈদেশিক মুদ্রা ব্যয়ও কমানো সম্ভব হবে।

মাসুমুর রহমান খলিলী বলেন, বাজেটের বিভিন্ন ভর্তুকি প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় না। জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। তাই গবেষণার মাধ্যমে আগাম ফসল উৎপাদনে সক্ষম জাত উদ্ভাবনের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সভাপতির বক্তব্যে ড. মোজাম্মেল হক বলেন, শিক্ষা ও গবেষণার সঙ্গে বাস্তব চাহিদার সংযোগ এখনও দুর্বল। গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তব প্রয়োগে রূপ দিতে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। একইসঙ্গে কৃষিজমি সংরক্ষণ, ব্লু ইকোনমি ও বায়ো ইকোনমিতে বিনিয়োগ এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

×