জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২ জুন) নিজের ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, “এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, তিনি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপক্ষীয় সহযোগিতা, সংলাপ ও অভিন্ন বৈশ্বিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তার নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।”
এর আগে মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান।
নির্বাচনে অংশ নেওয়া ১৯০টি সদস্য রাষ্ট্রের মধ্যে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পান। অপরদিকে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকোরিস পান ৯১ ভোট।
নির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান আগামী অধিবেশনে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান সভাপতি, জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী Annalena Baerbock-এর স্থলাভিষিক্ত হবেন এবং এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।

