ফরিদগঞ্জে ইউনিয়নব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ডোমরিয়া আদর্শ স্পোর্টিং ক্লাব
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৫ নম্বর গুপ্টি (পূর্ব) ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ২ নম্বর ওয়ার্ডের ডোমরিয়া আদর্শ স্পোর্টিং ক্লাব ৩ নম্বর ওয়ার্ডের শ্রীকালিয়া ভিলেজ স্টার স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন মোছলেহ উদ্দিন ক্যাডেট একাডেমি ও গল্লাক খেলাঘর আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং সাংবাদিক এ.কে.এম. উদ্দিন।
চ্যাম্পিয়ন দলের টিম ম্যানেজার আতিক ভূঁইয়া, অধিনায়ক আরমান জমাদার ও দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, ক্রেস্ট এবং ১৫ হাজার টাকার প্রাইজমানি তুলে দেওয়া হয়। অন্যদিকে রানারআপ দলের অধিনায়ক কাউছার আহমেদ আবির, টিম ম্যানেজার মাহমুদুল হাসান হৃদয় ও খেলোয়াড়দের হাতে ট্রফি, ক্রেস্ট এবং ১০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে এ.কে.এম. উদ্দিন বলেন, মাদকের বিস্তারের কারণে সমাজে অবক্ষয়, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের প্রবণতা বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। তিনি উপস্থিত সবাইকে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতেও নিজস্ব অর্থায়নে এ ধরনের সামাজিক ও ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপির নেতা সেলিম কাজী, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বিল্লাল হোসেন ভূঁইয়া, সদস্য সচিব রেদোয়ান হোসেন রানা জমাদার, সেলিম সর্দার জিকু, বিল্লাল হোসেন হাজী, দেলোয়ার হোসেন মাল, খোকন আখন্দ, সুজন মিজি, মামুন ভূঁইয়া, তারেক ভূঁইয়া, রাজীব অধিকারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন মাহফুজ সর্দার। ম্যাচ পরিচালনা করেন রেফারি সোহাগ আখন্দ। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন সেলিম মিয়া, আবু ছায়েদ ভূঁইয়া ও রিমন দেওয়ান।
উল্লেখ্য, ইউনিয়নের আটটি ওয়ার্ডের আটটি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।



















