শাহরাস্তিতে পৃথক অভিযানে ৩ জন গ্রেপ্তার, উদ্ধার ৮৪ পিস ইয়াবা
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার এক এজাহারভুক্ত আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট।
পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ১৯ জুলাই রাতে এসআই (নিঃ) মো. আব্দুল কুদ্দুস সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ)/৩০ ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল করিম ওরফে শাওন (৩০)-কে গ্রেপ্তার করেন। তিনি শাহরাস্তি উপজেলার বেট্টলা (তমিজ উদ্দিন হাজী বাড়ি) এলাকার বাসিন্দা। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে, ২০ জুলাই ভোরে ওসি মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. শরীফুল ইসলাম ও এএসআই (নিঃ) এরশাদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল শাহরাস্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজমেহের এলাকার তালতলা মোড়ে লামিয়া স্টোরের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো. রাসেল (২৬) ও মো. জসিম উদ্দিন (৩২)-কে তাদের হেফাজত থেকে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার তিন আসামিকেই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।















