শাহরাস্তিতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
চাঁদপুরের শাহরাস্তিতে মাদক নির্মূলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী ডিগ্রি কলেজ ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে আয়োজিত র্যালিতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন।
এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। র্যালিতে প্রায় ৭০০ থেকে ৮০০ মানুষ অংশ নেন বলে জানা গেছে।
র্যালি শেষে চিতোষী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজ ধ্বংসকারী ভয়াবহ ব্যাধি। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।















