চাঁদপুরে পিস্তলের ছবির সূত্র ধরে চাচা-ভাতিজা গ্রেফতার, উদ্ধার বিদেশি অস্ত্র

চাঁদপুরে পিস্তলের ছবির সূত্র ধরে চাচা-ভাতিজা গ্রেফতার, উদ্ধার বিদেশি অস্ত্র

চাঁদপুরে পুলিশের চেকপোস্টে এক যুবকের মোবাইল ফোনে পিস্তলের ছবি পাওয়ার সূত্র ধরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চাচা নাহিদ হোসেনের বসতঘরের খাটের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার দুজন হলেন কড়ইশ গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৭) এবং তার ভাতিজা একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরাফাত (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনি স্কুলের পেছনে কোড়ালিয়া এলাকায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। এসআই কালাম গাজী ও এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই চেকপোস্টে সন্দেহজনক চলাচলের কারণে ১০ যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় তাদের মোবাইল ফোন যাচাই করতে গিয়ে মো. আরাফাতের ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। পরে ছবির বিষয়ে জানতে চাইলে আরাফাত জানায়, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের। শখের বশে পিস্তলটি হাতে নিয়ে সে ছবিটি তুলেছিল।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে এসআই কালাম গাজীর নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি দল কচুয়া থানা পুলিশের সহযোগিতায় নাহিদ হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘরের খাটের ড্রয়ার থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে নাহিদ ও আরাফাতকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়। পাশাপাশি চেকপোস্টে আটক অপর ১০ যুবকও থানা হেফাজতে রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

হাইমচরে শিক্ষার্থীদের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ, অভিভাবক সমাবেশের উদ্যোগ নিতে ইউএনওর অনুরোধ

চাঁদপুরে পিস্তলের ছবির সূত্র ধরে চাচা-ভাতিজা গ্রেফতার, উদ্ধার বিদেশি অস্ত্র

চাঁদপুরের হাইমচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবক সমাবেশ আয়োজনের উদ্যোগ নিতে বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

আজ সোমবার (২৩ নভেম্বর) উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনকালে তিনি এ পরামর্শ দেন।

সকালে উপজেলার ৯ নম্বর নয়ানী লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ইউএনও। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি ও বিদ্যালয়ে উপস্থিতির বিষয়ে খোঁজ নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, অনেক শিক্ষার্থী যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয় না। পরে অনুপস্থিত ও দেরিতে বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের তালিকা তৈরি করে দ্রুত অভিভাবক সমাবেশ আয়োজনের জন্য প্রধান শিক্ষককে অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এর আগে উপজেলার ২ নম্বর আলগী দুর্গাপুর (উত্তর) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকার সঙ্গে কথা বলে কেন্দ্রের সেবাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এদিকে ১ নম্বর গাজীপুর ইউনিয়নের প্রয়াত গ্রাম পুলিশ মো. আলী ভূঁইয়ার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ইউএনও। গত ১৯ নভেম্বর অসুস্থতাজনিত কারণে মারা যান তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে প্রয়াত গ্রাম পুলিশের প্রাপ্য আনুতোষিক দ্রুততম সময়ের মধ্যে প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

দিনের পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে চরভৈরবী ইউনিয়নের ৫৯ নম্বর খলিফাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরভৈরবী আজহারুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন তিনি। এ সময় প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্‌-প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের শিখনমান নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া বিদ্যালয় প্রাঙ্গণে পড়ে থাকা নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অনুরোধ জানান ইউএনও।

শাহরাস্তি পৌর জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম, সেক্রেটারি আলমগীর হোসাইন

চাঁদপুরে পিস্তলের ছবির সূত্র ধরে চাচা-ভাতিজা গ্রেফতার, উদ্ধার বিদেশি অস্ত্র

বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি পৌরসভা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন নেতৃত্ব চূড়ান্ত করা হয়েছে। পৌরসভা শাখার শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন সেশনের জন্য আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি নির্বাচন করা হয়।

নবনির্বাচিত কমিটিতে আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা জাহাঙ্গীর আলম। তিনি চাঁদপুর জেলা শূরা সদস্য। নায়েবে আমীর মনোনীত হয়েছেন এম বি ফয়সাল মৃধা, তিনিও চাঁদপুর জেলা শূরা সদস্য।

এ ছাড়া সেক্রেটারি হিসেবে মাওলানা আলমগীর হোসেন এবং সহকারী সেক্রেটারি হিসেবে মো. ইকবাল হোসেন দায়িত্ব পেয়েছেন।

শাহরাস্তি পৌরসভা শাখার শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৭-২০২৮ সেশনের জন্য এ নেতৃত্ব চূড়ান্ত করা হয়।

নবনির্বাচিত দায়িত্বশীলদের নেতৃত্বে আগামী সেশনে পৌরসভা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

চাঁদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১৩ হাজার ২৫৫ শিক্ষার্থী, কেন্দ্র ২২টি

চাঁদপুরে পিস্তলের ছবির সূত্র ধরে চাচা-ভাতিজা গ্রেফতার, উদ্ধার বিদেশি অস্ত্র

ছবি-সংগৃহীত

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২০ ডিসেম্বর। চার দিনব্যাপী এ পরীক্ষায় চাঁদপুর জেলার আটটি উপজেলার ১৩ হাজার ২৫৫ জন শিক্ষার্থী অংশ নেবে। পরীক্ষা গ্রহণের জন্য জেলায় নির্ধারণ করা হয়েছে ২২টি কেন্দ্র।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ইতোমধ্যে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, ২০ ডিসেম্বর শুরু হয়ে পরীক্ষা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চাঁদপুরের আটটি উপজেলার মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি ২ হাজার ৩৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এ উপজেলায় কেন্দ্র রয়েছে চারটি।

এ ছাড়া কচুয়ায় ২ হাজার ১২৮ জন পরীক্ষার্থীর জন্য তিনটি কেন্দ্র, ফরিদগঞ্জে ২ হাজার ৩০ জনের জন্য চারটি কেন্দ্র, মতলব উত্তরে ১ হাজার ৯১৮ জনের জন্য তিনটি কেন্দ্র, হাজীগঞ্জে ১ হাজার ৬৫৮ জনের জন্য তিনটি কেন্দ্র, শাহরাস্তিতে ১ হাজার ৪১৫ জনের জন্য দুটি কেন্দ্র, মতলব দক্ষিণে ১ হাজার ৮৬ জনের জন্য দুটি কেন্দ্র এবং হাইমচরে ৬৮৩ জন পরীক্ষার্থীর জন্য একটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষা আয়োজনের প্রস্তুতি প্রসঙ্গে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তাঁরা আশাবাদী।