মতলবে অবৈধ ডিজেল বিক্রি: জরিমানা ৪০ হাজার, জব্দ ৩৫০ লিটার

মতলবে অবৈধ ডিজেল বিক্রি: জরিমানা ৪০ হাজার, জব্দ ৩৫০ লিটার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা-এ অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে এক খুচরা ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩৫০ লিটার ডিজেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে উপাদী উত্তর ইউনিয়নের উত্তর নওগাঁও ঢালী মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে স্থানীয় বাসিন্দা মুকবুল হোসেনের ছেলে মো. হাসান (৩২)-এর দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় জ্বালানি তেল বিক্রির কোনো বৈধ লাইসেন্স ও মূল্য তালিকা প্রদর্শন করতে না পারায় তাকে আটক করা হয় এবং ৩৫০ লিটার ডিজেল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত নিজ দোষ স্বীকার করায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম ইশমাম।

সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন বলেন, “যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়, তারা প্রকৃত ব্যবসায়ী নয়। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

ইউএনও কেএম ইশমাম জানান, লাইসেন্স ছাড়া জ্বালানি তেল বিক্রি, মূল্য তালিকা না টানানো এবং নির্ধারিত দামের বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। জব্দকৃত ডিজেল মতলব দক্ষিণ থানার কাজে ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়েছে।

মেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে: ডিসি

মতলবে অবৈধ ডিজেল বিক্রি: জরিমানা ৪০ হাজার, জব্দ ৩৫০ লিটার

চাঁদপুরের শাহরাস্তিতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভায় মেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেল ৫টায় উপজেলার ফটিকখিরা ছালামত উল্যাহ-আমেনা বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন, শাহরাস্তি, চাঁদপুরের আয়োজনে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় অংশগ্রহণ করতে হবে। তাদের মেধা, মনন ও প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব রয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আমেনা বেগম।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।

সভায় বাল্যবিবাহের কুফল, মেয়েদের শিক্ষা অব্যাহত রাখা এবং তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।

শাহরাস্তিতে বাজার মনিটরিং, চিংড়িতে ক্ষতিকর জেলি ব্যবহারে ব্যবসায়ীকে জরিমানা

মতলবে অবৈধ ডিজেল বিক্রি: জরিমানা ৪০ হাজার, জব্দ ৩৫০ লিটার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৬ নভেম্বর) পরিচালিত এ অভিযানে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি ব্যবহার করার দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান। এ সময় বাজারের বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান যাচাই করা হয়।

এর আগে একই অপরাধে উপজেলার কালীবাড়ী মাছ বাজারে দুই মাছ ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছিল। এছাড়া যানজট নিরসনেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।

বাজারে ভেজাল ও ক্ষতিকর উপাদান ব্যবহার রোধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসাধারণের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন চাঁবিপ্রবি ছাত্রদলের সভাপতি-সম্পাদক

মতলবে অবৈধ ডিজেল বিক্রি: জরিমানা ৪০ হাজার, জব্দ ৩৫০ লিটার

বিএনপি আয়োজিত ‘নির্বাচনী ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক জাতীয় কর্মশালার দলগত কার্যক্রমে তৃতীয় স্থান অর্জন করেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) শাখা ছাত্রদলের একটি দল। দলটির নেতৃত্বে ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল কবির নিহাল ও সাধারণ সম্পাদক মো. ইফতিখারুল আলম বসুনীয়া। প্রতিযোগিতায় সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তাঁরা।

গত ১৪ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইসমাইল রবিউল্লাহ, জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, জাহেদ উর রহমান ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ বিভিন্ন মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্যসচিবরা কর্মশালায় অংশ নেন।

কর্মশালার দলগত কার্যক্রমে ১০ জন করে অংশগ্রহণকারী নিয়ে মোট ১০টি দল গঠন করা হয়। প্রতিটি দলকে নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্য থেকে একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা, মতবিনিময় ও প্রস্তাবনা তৈরির দায়িত্ব দেওয়া হয়। এ জন্য দলগুলোকে ৩০ মিনিট সময় দেওয়া হয়।

পরে প্রতিটি দলের একজন প্রতিনিধি তিন মিনিটের মধ্যে নিজ দলের পরিকল্পনা ও প্রস্তাবনা উপস্থাপন করেন।

এ পর্বে চাঁবিপ্রবি ছাত্রদলের সভাপতি রাকিবুল কবির নিহাল ও সাধারণ সম্পাদক মো. ইফতিখারুল আলম বসুনীয়ার সমন্বয়ে গঠিত দলটি নিজেদের প্রস্তাবনা উপস্থাপন করে তৃতীয় স্থান অর্জন করে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তাঁরা।

জাতীয় পর্যায়ের এ কর্মশালায় চাঁবিপ্রবি ছাত্রদলের এ অর্জন বিশ্ববিদ্যালয় শাখাটির জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।