কচুয়ায় এক রাতে তিন বসতঘরে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

কচুয়ায় এক রাতে তিন বসতঘরে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

কচুয়া উপজেলা-র উত্তর কচুয়া ইউনিয়নের জলা তেতৈয়া গ্রামে এক রাতে তিনটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

চোরেরা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী সোহেল সরকার (সঞ্জয়) এর বাড়িতে গভীর রাতে টিন কেটে ঘরে প্রবেশ করে চোরেরা। পরে ঘরে থাকা দুটি স্টিলের আলমারি ভেঙে প্রায় সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।

একই রাতে সঞ্জয় সরকারের ভাই ব্যবসায়ী বিজয় সরকারের ঘর থেকেও একটি মোবাইল ফোন চুরি হয়। এছাড়া একই বাড়ির আরেক প্রবাসী রতন সরকারের ঘরে সিঁধ কেটে ঢুকে বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় চোরেরা।

ভুক্তভোগী শিউলি রানী সরকার বলেন, “শেষ রাতে মেয়ের চিৎকারে ঘুম ভাঙে। পরে দেখি ঘরের দরজা খোলা।

আলমারিতে থাকা স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকা নেই।”
তিনি আরও জানান, চোরদের ফেলে যাওয়া একটি মানিব্যাগ ঘরে পাওয়া গেছে। সেখানে একটি জাতীয় পরিচয়পত্র ছিল বলেও দাবি করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি হয়ে পড়েছে।

এ বিষয়ে মো. আজিজুল ইসলাম বলেন, ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ক্লিনের ফেলোশিপ পেলেন ফরিদগঞ্জের মহিউদ্দিন রাব্বানি

কচুয়ায় এক রাতে তিন বসতঘরে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

মহিউদ্দিন রাব্বানি। ছবি-সংগৃহীত

জ্বালানি খাত নিয়ে অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে মিডিয়া ফেলোশিপ পেয়েছেন ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন রাব্বানি। গত সেপ্টেম্বরে প্রকাশিত ‘বিশ্বব্যাংক গোষ্ঠীর অর্থায়নই কি বাড়াচ্ছে গ্যাসে আমদানি-নির্ভরতা?’ শীর্ষক প্রতিবেদনের জন্য তাকে এ ফেলোশিপে মনোনীত করেছে কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভাইরনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন)।

নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ নিয়ে কাজ করা সংস্থাটি জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে এ ফেলোশিপ প্রদান করছে।

মহিউদ্দিন রাব্বানি চাঁদপুরের ফরিদগঞ্জের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছোটবেলা থেকেই পত্রপত্রিকা পড়া ও লেখালেখির প্রতি আগ্রহ তার। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। বর্তমানে ঢাকা মেইলে নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন।

এর আগে তিনি দৈনিক সংবাদ, দৈনিক আমার সংবাদ, দৈনিক সবুজ বাংলা ও দৈনিক বাণিজ্য প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। পেশাগত জীবনে অর্থনীতি, বাণিজ্য ও জ্বালানি খাত নিয়ে নিয়মিত সংবাদ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করে আসছেন তিনি।

ফেলোশিপের জন্য মনোনীত তার প্রতিবেদনে বিশ্বব্যাংক গোষ্ঠীর অর্থায়নে বাংলাদেশের গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামো সম্প্রসারণের প্রভাব এবং দেশের জ্বালানি নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

মহিউদ্দিন রাব্বানি দেশের পেশাদার সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য।

ফরিদগঞ্জে বিশেষ অভিযানে আরও ৪ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

কচুয়ায় এক রাতে তিন বসতঘরে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

চাঁদপুরের ফরিদগঞ্জে নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আরও চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত তিন দিনে উপজেলায় মোট ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) রাতে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের বিশেষ নির্দেশনায় এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর সার্বিক পরিচালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন—ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম (৪৮), পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেন (৫০), বালিথুবা পশ্চিম ইউনিয়ন যুবলীগ নেতা আ. সালাম ওরফে আরিফ মিজি (৩৫) এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মো. আলী আকবর হাজী (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গোপন নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার (৯ নভেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

ফরিদগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর লাশ

কচুয়ায় এক রাতে তিন বসতঘরে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুর থেকে ইয়াছিন হোসেন (৪) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। খেলতে গিয়ে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর গ্রামের হাজী বাড়ির একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়াছিন ওই গ্রামের হাজী বাড়ির দিনমজুর জিতুর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার পর থেকে শিশু ইয়াছিন নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে শনিবার রাতেই শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অবশেষে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর রবিবার সকালে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন এক প্রতিবেশী। তার ডাক-চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন।

কান্নাজড়িত কণ্ঠে শিশুটির বাবা জিতু বলেন, ‘আমার অবুঝ ছেলের সঙ্গে বা আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কারও প্রতি আমাদের কোনো সন্দেহও নেই। হয়তো খেলতে গিয়ে সে পানিতে পড়ে মারা গেছে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আমরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছি।’

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, রবিবার সকালে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটি আগের দিন দুপুর থেকে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।