হাজীগঞ্জে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চাঁদপুরের হাজীগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থী ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।
পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ইউএনও।
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু ছাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার সূনির্মল দেউড়ী এবং হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান।
উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না আক্তার, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান পাটওয়ারী এবং সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন টিটু।
জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মিজানুর রহমান সেলিমসহ অন্যান্য অতিথি।
এ সময় উপজেলার বিভিন্ন কলেজ, বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



















