রাশিয়া-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে নতুন খাত খোঁজার তাগিদ

রাশিয়া-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে নতুন খাত খোঁজার তাগিদ

তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, সিরামিক এবং মানবসম্পদ রপ্তানিসহ নতুন খাতে বাংলাদেশ-রাশিয়ার বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী নভেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় আন্তঃসরকার কমিশনের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানান রুশ রাষ্ট্রদূত।

এ ছাড়া দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে মস্কোতে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পরিকল্পনা করছে মস্কো চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ফোরামে বাংলাদেশের অংশগ্রহণকারী ব্যবসায়ীদের ব্যবসায়িক প্রোফাইল বিবেচনায় নিয়ে বিটুবি (B2B) বৈঠকসহ বিভিন্ন সেশনের আয়োজন করা হবে বলে জানান রাষ্ট্রদূত।

বৈঠকে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং সিরামিক খাতের ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি রাশিয়ায় মানবসম্পদ রপ্তানির সম্ভাবনাও কাজে লাগানো প্রয়োজন।

রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন জানান, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির বিষয়ে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রক্রিয়াগত ও আইনি বিষয় পর্যালোচনা করছে। পাশাপাশি রাশিয়ার তীব্র শীতের উপযোগী ভারী জুতা ও চামড়াজাত পণ্যেরও ভালো চাহিদা রয়েছে।

তিনি আরও জানান, কৃষি, মৎস্য, জাহাজ নির্মাণ শিল্প ও সেবা খাতে কাজের সুযোগ তৈরি হওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রায় তিন হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে।

রূপপুর প্রকল্পের অগ্রগতিও আলোচনায়

বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। রুশ রাষ্ট্রদূত জানান, প্রকল্পের কারিগরি বিষয়গুলো দ্রুত সমাধানে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন।

তিনি বলেন, আগামী মাসের মধ্যে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।

বৈঠক শেষে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগে বাংলাদেশ-রাশিয়ার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।

বাংলাদেশি ব্যবসায়ীদের শ্রীলঙ্কা এক্সপোতে আমন্ত্রণ
এদিকে, বুধবার বিকেলে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি।

বৈঠকে হাইকমিশনার জানান, আগামী বছরের ১৪ থেকে ১৭ জানুয়ারি কলম্বোয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘শ্রীলঙ্কা এক্সপো ২০২৭’ অনুষ্ঠিত হবে। এতে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের একটি বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর আমন্ত্রণ জানান তিনি।

এফবিসিসিআই প্রশাসক শ্রীলঙ্কা এক্সপো ২০২৭-এ বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে ইতিবাচক সাড়া দেন।

দুই বৈঠকেই এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীরসহ রাশিয়ান দূতাবাস ও শ্রীলঙ্কান হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চবিতে চাঁদপুর শিক্ষার্থীদের ৫০০ বৃক্ষ বিতরণ

রাশিয়া-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে নতুন খাত খোঁজার তাগিদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রয়াত অনিক চন্দ্র দাসকে স্মরণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন, চাকসুর ভিপি ইব্রাহিম রনি এবং চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক।

সংগঠনের ১৬তম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এবং সভাপতি মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “পরিবেশ সংরক্ষণে জলবায়ু পরিবর্তনের পক্ষাঘাত থেকে দেশকে রক্ষা করতে চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে উদ্যোগ গ্রহণ করেছে, প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, “পরিবেশ রক্ষায় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ।” তিনি সংগঠনটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ কার্যক্রমের পরিসর আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “এটি একটি পরিবেশবান্ধব কর্মসূচি।” এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার জন্য তিনি সংগঠনটির প্রশংসা ও ধন্যবাদ জানান।

চাকসুর ভিপি ইব্রাহিম রনি বলেন, “চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চমৎকার আয়োজনকে ধন্যবাদ জানাই এবং আজকের এই আয়োজনের সফলতা কামনা করি।”

চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক বলেন, “দূষণমুক্ত, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গঠনে এ ধরনের উদ্যোগ অগ্রণী ভূমিকা পালন করবে। পরিবেশ রক্ষায় চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই।”

কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় ২৫ প্রজাতির ৫০০টি বৃক্ষ বিতরণ করা হয়।

বিতরণ করা গাছের মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতির মধ্যে ছিল গন্ধরাজ, রঙ্গন, হাসনাহেনা, সন্ধ্যামালতী, মিনি স্টার, দোপাটি, কুঞ্জলতা, এসি পাম, পাতাবাহার, কামিনী ও অশোক। ঔষধি গাছের মধ্যে ছিল নিম, বাসক, তুলসী, পাথরকুচি, কালোমেঘ, অ্যালোভেরা, হরতকি ও বহেরা। এ ছাড়া ফলদ ও অন্যান্য গাছের মধ্যে ছিল লেবু, পেয়ারা, বড়ই, কাটবাদাম ও উদাল।

প্রতিষ্ঠাবার্ষিকীকেন্দ্রিক এ কর্মসূচিতে বিশেষভাবে স্মরণ করা হয় সংগঠনের সদস্য অনিক চন্দ্র দাসকে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

অনিককে স্মরণ করে সংগঠনের সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, “অনিক আমাদের মাঝে বেঁচে থাকবে গাছ হয়ে। তার এই অকালপ্রয়াণ তার পরিবার এবং সংগঠনের অপূরণীয় ক্ষতি।”

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রাশিয়া-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে নতুন খাত খোঁজার তাগিদ

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশি অভিযানে ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হকের ছোট ভাই মো. মহিউদ্দিন রিমন (৩০) গ্রেপ্তার হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার রূপসা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মহিউদ্দিন রিমন ফরিদগঞ্জ সদর এলাকার মাওলানা শহীদুল্লাহ পাটওয়ারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় পুলিশের একটি চৌকস টিম রূপসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মহিউদ্দিন রিমনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি তৎপরতা ও নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে রূপসা বাজার থেকে ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস

রাশিয়া-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে নতুন খাত খোঁজার তাগিদ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শাহশরীফ ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির (সাধারণ) ও বিএমটি শাখার উদ্বোধনী ক্লাস ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের নিয়মিত পাঠদান ও শিক্ষাজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহশরীফ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজহের হোসেন। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ, নবাগত শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, শৃঙ্খলা মেনে চলা, মনোযোগ দিয়ে লেখাপড়া করা এবং নিজেদের দক্ষতা ও নৈতিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির (সাধারণ) ও বিএমটি শাখার আনুষ্ঠানিক পাঠদান কার্যক্রম শুরু হয়।