অশ্রুসিক্ত ভালোবাসায় বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়
চাঁদপুর সদর উপজেলার বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম চৌধুরীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা অনুষ্ঠানে ছিল প্রীতিভোজ, আলোচনা, সম্মাননা ও স্মারক প্রদান। মধ্যাহ্নভোজ শেষে ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে ফুলের মালা দিয়ে বরণ করে বিদায়ী প্রধান শিক্ষককে অনুষ্ঠানের মঞ্চে নিয়ে আসা হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা এ কে এম নেয়ামত উল্যাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোজাদ্দেক হোসেন।
অনুষ্ঠানে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা বেগম ও মো. আবু সায়েদ চৌধুরী, ইউআরসি ইন্সট্রাক্টর রাশিদা আক্তার রোজী, প্রধান শিক্ষক দেওয়ান জাহাঙ্গীর হোসেন, মাকছুদা আক্তার, শাহাজাহান সিদ্দিকী ও কামরুল হাসানসহ শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা আমেনা আক্তার ও ফহমুনেছা আক্তার।
বিদায় সংবর্ধনায় বাগাদী এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটি এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. মাহবুব আলম চৌধুরীকে ক্রেস্ট, সম্মাননাপত্র ও বিভিন্ন উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ দিকে তৈরি হয় আবেগঘন পরিবেশ। দীর্ঘ শিক্ষকতা জীবনে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছে ক্ষমা চান বিদায়ী প্রধান শিক্ষক। এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।
পরে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে দীর্ঘদিনের কর্মস্থল বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মো. মাহবুব আলম চৌধুরীকে বিদায় জানানো হয়।



















